পাহাড় কেটে নিচু জমি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের কালাঘাটায় পৌরসভার সড়ক নির্মাণ প্রকল্পে বিপজ্জনকভাবে পাহাড় কেটে জেলা প্রশাসকের বাসভবন-সংলগ্ন (ডিসি বাংলো) মহিলা ক্লাবের নিচু জমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার মেয়র জাবেদ রেজা পাহাড় কাটার কথা অস্বীকার করে বলেন, পাহাড়ি এলাকায় সড়কের জন্য যেটুকু পাহাড় ছেঁটে ফেলা দরকার, শুধু ততটুকু কাটা হয়েছে।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, মহিলা ক্লাবের প্রাঙ্গণের নিচু অংশে মাটি ভরাট করার জন্য চুক্তিতে কাজ দেওয়া হয়েছে। কোথা থেকে মাটি নিয়ে আসা হচ্ছে তা তাঁর জানা নেই।
সরেজমিনে দেখা যায়, কালাঘাটা বড়ুয়া পাড়া ঘেঁষে একটি পাহাড় অতিক্রম করে টংপ্রু পাড়ার দিকে একটি নতুন সড়ক করা হচ্ছে। পাহাড়টির পাদদেশে ও ঢালুতে বেশ কিছু পরিবার বসবাস করে। উঁচু পাহাড়টি কেটে ফেলা হয়েছে। এতে পাহাড়ের দুই পাশ বিপজ্জনক হয়ে পড়েছে।
ওই এলাকার সনজিদা চাকমাসহ আরও অনেকে অভিযোগ করেন, বিপজ্জনকভাবে পাহাড় না কাটার জন্য বললেও তাঁদের কথা কেউ শোনে না। এখন পাহাড়টি কেটে ফেলায় যেকোনো সময় তাঁদের বসতবাড়ি ধসে পড়তে পারে। এ জন্য তাঁরা আতঙ্কে রয়েছেন। পৌরসভার মেয়র জাবেদ রেজা বলেন, পৌর শহর উন্নয়ন প্রকল্পের আওতায় ওই সড়ক নির্মাণ করা হচ্ছে। বড়ুয়া পাড়ার লোকজন কেউ কেউ আপত্তি করলেও টংপ্রু পাড়ার লোকজন দীর্ঘদিন ধরে এ সড়কের জন্য দাবি করে আসছেন। কারও সমস্যা থাকলে তা তদন্ত করে সমাধানের চেষ্টা করা হবে।