ভয়াবহ পাহাড়ধসে ঘরবাড়ি হারানো রাঙামাটির হাজারো মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে থাকছে। স্বজন হারানো মানুষের কান্নাও থামেনি। পাহাড়ধসের এক মাস পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি। এ অবস্থার মধ্যে সেখানে আবার পাহাড় কাটা শুরু হয়েছে। বিধ্বস্ত রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক মেরামত করার জন্য পাহাড় কাটছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে নতুন করে পাহাড়ধসের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বিধ্বস্ত রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কটি চালু করতে বাধ্য হয়ে পাহাড় কাটতে হচ্ছে বলে দাবি করেছেন সওজ কর্মকর্তরা। রাঙামাটি শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মোনতলা কিজিং এলাকায় প্রায় ১৫০ ফুট সড়ক সেদিন পাহাড়ধসে নিশ্চিহ্ন হয়ে যায়। সড়কের এই অংশ মেরামত করার জন্যই ১২ জুলাই পাহাড় কাটা হচ্ছে। সড়কের যেখানে ধস হয়েছে এর ২০০ গজ দূরের একটি পাহাড় কাটা হচ্ছে।
সড়কের যে অংশ ধসে গেছে তা রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের মধ্যে পড়েছে। এই ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা প্রথম আলোকে বলেন, পাহাড় কাটার কারণে এলাকাটি আবার ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। পাহাড় না কেটে ধসে পড়া পাহাড়ের মাটি দিয়েই সড়কের ভাঙন এলাকা ভরাট করা যেত বলে মন্তব্য করেন তিনি।
গত ১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসে কেবল রাঙামাটিতেই ১২০ জন প্রাণ হারায়। পাহাড়ধসের কারণে জেলার চারটি প্রধান সড়ক বিধ্বস্ত হয়। এগুলো হলো রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই, রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই এবং রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক। এ চারটি সড়কের কোনোটিই এখনো পুরোপুরি সচল হয়নি।
গতকাল রোববার দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মোনতলা কিজিং এলাকায় গিয়ে দেখা যায়, ধসে পড়া অংশে মাটি ভরাট করতে খননযন্ত্র দিয়ে পাহাড় কাটা হচ্ছে। খননযন্ত্র দিয়ে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়টি খাড়াভাবে কাটা হচ্ছে। সেখানে ২০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। পাহাড়ের অর্ধেকেরও বেশি অংশ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। পাহাড় কাটার মাটি দুটি ট্রাকে করে সড়কের ধসে যাওয়া অংশে ফেলে তা ভরাট করা হচ্ছে।
গত জানুয়ারি মাসেও এই পাহাড়ের কিছু অংশ কাটা হয় বলে জানান সওজের কর্মকর্তারা। মোনতলা কিজিং থেকে তিন কিলোমিটার দূরে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ তখন পাহাড়টি কাটে বলে জানান তাঁরা। পাহাড়ের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। মাটি কাটায় বিদ্যুতের দুটি খুঁটি নড়বড়ে হয়ে গেছে।
পাহাড় কাটার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ১৩ জুন রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের মোনতলা কিজিং এলাকার ১৫০ ফুট সড়ক ধসে যায়। বেশ কয়েক দিন ধরে ভাঙন অংশে মাটি ভরাটের কাজ করা হচ্ছে। তিনি বলেন, পাহাড়টি সওজের অধিগ্রহণ করা জমিতে পড়েছে। যোগাযোগব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে বাধ্য হয়ে পাহাড় কাটছেন তাঁরা।
পাহাড় কেটে সওজ কর্মকর্তারা বিধ্বস্ত সড়ক মেরামত করছেন, তা জানা নেই রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তারের। তিনি প্রথম আলোকে বলেন, সড়ক যোগাযোগ সচল করার জন্য তাঁরা কাজ করছেন, এটা জানি। পাহাড় কাটা নিষেধ হলেও জনস্বার্থে এ কাজ করা যেতে পারে। হয়তো দ্রুত কাজ শেষ করার জন্য এ কাজ করে থাকতে পারেন তাঁরা।
এদিকে পাহাড়ধসের ৩৩ দিন পর গতকাল বিকেল পাঁচটার দিকে হালকা যানবাহন চলাচলের জন্য রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক খুলে দেওয়া হয়। মোনতলা কিজিং এলাকায় পাহাড় কেটে মাটি এনে সড়কের ধসে পড়া অংশ কয়েকদিন ধরে ভরাট কজ চলে।