পাহাড় কেটে পুকুর ভরাট
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের চিরিঙ্গা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের একটি পাহাড় কেটে পুকুর ভরাট করে সেখানে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামের কালুশাহ জামে মসজিদসংলগ্ন ওই পাহাড় কাটার বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলেও নীরব ভূমিকা পালন করছে বন বিভাগ।এলাকাবাসী জানায়, মধ্যম সরফভাটা গ্রামের ইসমাইল, শওকত ও কুসুম ১৯ সেপ্টেম্বর থেকে ওই পাহাড়টি কাটা শুরু করেন। পাহাড়টি কালুশাহপাড়ার ৪০০ পরিবার কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিল। কালুশাহ জামে মসজিদ কমিটি কবরস্থানটি রক্ষণাবেক্ষণ করে। পাহাড়টি না কাটার জন্য মসজিদ কমিটি অনুরোধ জানালেও তাতে কোনো কাজ হয়নি।কালুশাহ জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর জানান, পাহাড়টি কেটে পূর্ব সরফভাটা গ্রামের প্রবাসী আবদুর রাজ্জাকের একটি পুকুর ভরাট করা হচ্ছে। সেখানে আবদুর রাজ্জাক পাকা ভবন নির্মাণ করছেন। দুই লাখ ৭০ হাজার টাকার চুক্তিতে যুবলীগ নামধারী ইসমাইল, শওকত ও কুসুম পুকুরটি ভরাট করে দিচ্ছেন। শুরুতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। এমনকি প্রতিবাদ করায় এলাকার অনেক পরিবারকে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। ফলে ১৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করা হয়।সরেজমিনে পাহাড় কাটার ছবি তোলার সময় বাধা দেন ইসমাইল। সাংবাদিক পরিচয় দিলেও ছবি তোলার কৈফিয়ত চান তিনি। একপর্যায়ে বিষয়টি মুঠোফোনে ইউএনওকে জানানো হলে তিনি নমনীয় হন। এ সময় এক প্রশ্নের জবাবে ইসমাইল নিজেকে যুবলীগের কর্মী দাবি করে বলেন, ‘বিগত জোট সরকারের সময় বিএনপির নেতারা ১৭টি মামলা দিয়ে আমাকে হয়রানি করেছেন। আমি ফতুর হয়ে গেছি। এখন দল ক্ষমতায়, এ সময় যদি টাকা কামাতে না পারি, তাহলে ক্ষতি পোষাব কী করে।’ পুকুর ভরাটকাজ প্রত্যক্ষ করার সময় এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, ‘পাহাড়টি বন বিভাগের, কারও ব্যক্তিগত নয়। তবুও ঝামেলার ভয়ে দুই লাখ ৭০ হাজার টাকার চুক্তিতে মাটি কাটার কাজটি তাঁদের দিয়েছি। পাহাড় কেটে মাটি দেওয়ার জন্য কিন্তু তাঁদের আমি বলিনি।’ এ সময় ইসমাইল হোসেনের সহযোগী শওকত হোসেন বলেন, ‘আমাদের মাটি দরকার। পাহাড় কাটার বিষয়ে কিছু না লেখার জন্য কী করতে হবে বলুন।’ পরে শওকত হোসেন মুঠোফোনে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। এই প্রতিনিধি প্রস্তাব প্রত্যাখ্যান করলে গত বৃহস্পতিবার সকালে শওকত হোসেন মুঠোফোনে বলেন, ‘পত্রিকায় কোনো রকম লেখালেখি হলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।’চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান এ প্রসঙ্গে বলেন, পাহাড় কাটার সঙ্গে রাঘববোয়ালেরা জড়িত থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাঁদের বুঝিয়ে-সুজিয়ে পাহাড় কাটা থেকে বিরত রাখার চেষ্টা চালানো হচ্ছে। ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, পাহাড় কাটা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে।