পাহাড় কেটে বসতি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকার ব্যক্তিমালিকানাধীন মিয়ার পাহাড় কেটে ঘর তৈরি করছে স্থানীয় প্রভাবশালী চক্র। ঈদের ছুটির ফাঁকে পাহাড়ের পাদদেশে ও ওপরে অন্তত ২০টি নতুন টিনের ঘর তৈরি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার প্রমাণ পেলেও এখনো ব্যবস্থা নেয়নি।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিনা বাধায় শ্রমিকেরা পাহাড় কাটছেন। অন্যদিকে আরও চারটি নতুন ঘর তৈরির কাজ চলছে। পুরো পাহাড়ের ওপর ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে প্রায় ৫০০ কাঁচা, সেমিপাকা ও টিনের তৈরি ঘর। বর্তমানে এখানে প্রায় আড়াই হাজার বাসিন্দা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় রহিম ও ছাত্রলীগের নেতা আমীর আলী এই পাহাড় কাটা চক্রের সঙ্গে জড়িত। তাঁরা ২০ হাজার থেকে এক লাখ টাকার মাধ্যমে ভূমিহীন ও নিম্ন আয়ের লোকজনের কাছে পাহাড়ের জমি বিক্রি করছেন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় রহিম, হারুন, মফজল, আমির আলীসহ কয়েকজন পাহাড় কাটা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা আছে।’ তিনি জানান, গত সোমবার মিয়ার পাহাড়ে অভিযান চালানো হয়। কিন্তু এ সময় কাউকে পাওয়া যায়নি। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে ওই এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পেয়েছি। পাহাড় কেটে নতুন নতুন টিনের ঘর নির্মাণ করা হচ্ছে। কিছুদিনের মধ্যে ওখানে অভিযান চালানো হবে।’ বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, মিয়ার পাহাড়ের মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষে আছেন নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ এবং অপর পক্ষে রয়েছেন রহিম ও আমির আলী। সোলায়মান আলম শেঠ প্রথম আলোকে বলেন, ‘প্রতিপক্ষের লোকজন পাহাড় কেটে নতুন করে ঘর নির্মাণ করছে। এ ব্যাপারে আমি শিগগিরই পরিবেশ অধিদপ্তর ও থানায় অভিযোগ জমা দেব।’ বুধবার সরেজমিনে গেলে দেখা হয় পাহাড়ের মালিক দাবিদার রহিমের প্রতিনিধি মো. ইউসুফের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে আমরা এলাকার বাইরে বেড়াতে গেলে আমির আলীর নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী একটি চক্র এখানে ঘর নির্মাণ শুরু করে। তবে আমরা ফিরে আসায় তারা নির্মাণকাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে আমরা বায়েজিদ থানায় মৌখিক অভিযোগ করেছি।’ রহিম প্রথম আলোকে বলেন, ‘আমরা লোকজনকে পাহাড় কাটতে নিষেধ করেছি। কিন্তু তারা কথা শুনছে না। এ জন্য পুলিশ আমাদের হয়রানি করছে।’আমির আলী পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘একটি চক্র ২০ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে পাহাড়ে জমি বিক্রি করছে। তারাই পাহাড় কাটছে। আর আমার জায়গা রয়েছে সমতলে।’পাহাড়ের দক্ষিণ পার্শ্বের পাদদেশে থাকা হাসিনা আক্তার ও রিকশাচালক আবুল কালাম বলেন, ‘এককালীন অর্থ দিয়ে আমরা রহিম সাহেবের কাছ থেকে ঘর বন্দোবস্তি নিয়েছি।’ পূর্ব-উত্তর পাশের পাহাড়ের ওপরে দুই কক্ষবিশিষ্ট টিনের ঘরে থাকেন আরজু বেগম এবং নিচে থাকেন শেলী বেগম। তাঁরা বলেন, ‘ঘরভাড়া বাবদ হারুন সাহেবকে প্রতি মাসে এক হাজার ৪০০ টাকা দিতে হয়।’ আরজু বেগমের স্বামী রমজান আলী রিকশাচালক।