পাহাড় কেটে বাঁধ নির্মাণ!
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে দক্ষিণ মুসলিমপাড়া এলাকায় একটি বড় পাহাড় কেটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাঁধ নির্মাণ করা হচ্ছে।
সূত্র জানায়, প্রায় এক মাস ধরে প্রতিদিন ২০ জন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়টি কাটছেন।
বিএডিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২৯ আগস্ট চাষাবাদের সুবিধার্থে মুসলিমপাড়া ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার নামে একটি মাটির বাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় রাঙামাটির মা হালিমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের ২২ জানুয়ারি বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
মঙ্গলবার দক্ষিণ মুসলিমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, একটি বড় পাহাড় কেটে শ্রমিকেরা বাঁধ নির্মাণ করছেন। মাটি কাটার শ্রমিকদের সর্দার মো. বাবুল মিয়া বলেন, জানুয়ারির ২২ তারিখ থেকে প্রতিদিন ২০ জন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড় কেটে বাঁধ নির্মাণ করছেন। পাহাড় কাটার অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি জানান, সেটা তাঁর জানা নেই।
বাঁধ নির্মাণকাজের তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী রাধা সেন দাশ বলেন, ‘আমি প্রতিদিন গিয়ে কাজের তদারকি করি। সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছে না।’
বিএডিসির খাগড়াছড়ি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, একটি বাঁধের কাজ করতে গেলে অনেক মাটি লাগে। দূর থেকে মাটি এনে বাঁধের কাজ করা সম্ভব নয়। তবে তিনি বলেন, সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছে না।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মাহে আলম বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সংস্থা ও ব্যক্তি পাহাড় কাটতে পারে না। পাহাড় কেটে বিএডিসির বাঁধ নির্মাণের বিষয়টি আমার জানা নেই।’ তিনি বলেন, পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।