পাহাড় কেটে ভূমি
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের জগৎপুর আশ্রম সড়কমুখে পাহাড় কেটে সাবাড় করছে প্রভাবশালীরা। এতে ধ্বংস হচ্ছে বন, নষ্ট হচ্ছে পরিবেশ। বন ও পরিবেশরক্ষায় পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০ এপ্রিল রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছে বনানী বহুমুখী সমবায় সমিতি নামে পরিবেশবাদী একটি সংগঠন। সংগঠন সূত্রে জানা যায়, উপজেলার গশ্চি ইউনিয়নের প্রভাবশালী আইয়ুব আলী, নুরুল কাসেম ও আবদুল হামিদ ঊনসত্তরপাড়া মৌজার বিএস ৯১৩৬, ৯১৪১ দাগের প্রায় ৪০ শতক পাহাড়ি জমি কেনেন। কিন্তু তাঁরা ওই দাগের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কসংলগ্ন জগৎপুর আশ্রম সড়কের মুখে বিএস ৯১৪২ দাগের জমি দখল করে গত বছর পাহাড়ের অর্ধেক কেটে মাটি বিক্রি করেন। বাধা পেয়ে সে সময় কাটাকাটি বন্ধ করলেও ১৭ এপ্রিল থেকে পুনরায় পাহাড় কেটে মাটি বিক্রি শুরু করেন তাঁরা। অথচ ওই জমি বনানী বহুমুখী সমবায় সমিতির নামে বনায়নের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছে। ১০ বছর ধরে সংগঠনটি ওই জমিতে নানা প্রজাতির গাছের চারা রোপণ করে আসছে। ২১ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৬-১৭ জন শ্রমিক কোদাল ও খুন্তি দিয়ে পাহাড় কেটে মাটি বস্তায় ভরছেন। চার-পাঁচজন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে এসব বস্তা নিয়ে যাচ্ছেন। নুরুল কাসেম মাটি কাটার তদারকি করছেন। এ সময় তিনি নিজেকে জমির মালিক পরিচয় দেন। পাহাড় কাটার বিরুদ্ধে আইন থাকার কথা বললে নুরুল কাসেম প্রথম আলোকে বলেন, ‘এটি পাহাড় নয়, টিলা। পাহাড় হলেও এটি সরকারের নয়। নিজের পাহাড় নিজে কাটছি। তাতে কার কী!’জমির মালিক দাবিদার আইয়ুব আলী বলেন, উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের জমিদার আবদুল আজিজের জমি এটি, যা সরকারের নামে বিএস জরিপ হয়। পরে পটিয়া পৌরসভার ৮ নম্বর গোবিন্দরখীল পৌর এলাকার আবদুস সবুর ১৯৯১ সালে বিভাগীয় কমিশনারের কাছ থেকে ওই জমি নিলামে কেনেন। ২০১০ সালের শুরুর দিকে তাঁর কাছ থেকে আমরা কিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ জমি বনানী বহুমুখী সমবায় সমিতির বনায়নের আওতায় ছিল না। বরং ওই সমিতি চার-পাঁচ বছর আগে পাহাড় কেটে মাটি বিক্রি করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এখন এ জমি কেটে সমতল করা হচ্ছে, যেখানে প্রাথমিক পর্যায়ে লিচুবাগান গড়ে তোলা হবে।’ বনানী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চুরি করে কি পাহাড় কাটা যায়? পাহাড় কাটলে তো আমাদের বিরুদ্ধেও অভিযোগ থাকত। যেভাবে তাদের বিরুদ্ধে আমরা করেছি।’ রাউজানের ইউএনও অঞ্জন চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাহাড় কাটা বন্ধ ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।