পাহাড় কেটে স্থাপনা-পানের বরজ
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় কেটে অবৈধ স্থাপনা, ঘরবাড়ি ও পানের বরজ তৈরি করা হচ্ছে। প্রকাশ্যে পাহাড় কেটে এসব স্থাপনা করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে মহেশখালীতে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে দরিদ্র লোকজন এসে এসব বসতবাড়ি নির্মাণ করে। ধীরে ধীরে এই প্রবণতা বাড়তেই থাকে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলার পূর্বে ও ছালিয়াতলী এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ স্থাপনা করার জন্য প্রকাশ্যে পাহাড় কাটছে। ইউপি সদস্য হালিমা বেগম জানান, পাহাড় কাটা বন্ধের কথা বললেও প্রভাবশালী ব্যক্তিরা তা মানছেন না। তিনি জরুরি ভিত্তিতে পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়েছেন। এ দিকে উপজেলার কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নে পানের বরজ করার জন্য নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, নির্বিচারে পাহাড় কাটা হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে পাহাড় কাটার সঙ্গে জড়িত আবু তাহের, আহমুদুর রহমান ও নাজির আলী দাবি করেন, পাহাড় কাটা হয়নি। ধসেপড়া পাহাড়ের মাটি সরিয়ে বসতি স্থাপন করা হয়েছে।কালারমারছড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসাইন বলেন, স্থানীয় প্রভাবশালী আবু তাহের, নাজু চকিদার, আহমদুর রহমান, নুরুল আবছারের নেতৃত্বে প্রতিদিন পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধ রাখার জন্য তাঁদের বেশ কয়েকবার বলা হলেও তাঁরা মানছেন না। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, এ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।উপকূলীয় বনবিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে পাহাড় কেটে পানের বরজ তৈরির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে পানের বরজ করতে পাহাড় কাটা হলেও তা বন্ধ করার জন্য বনবিভাগের লোকজন চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মহেশখালীতে পাহাড় কেটে এলাকার লোকজন অবৈধ স্থাপনা করছে। বিশেষ করে, বর্ষার সময় পাহাড় কেটে বসতি স্থাপন ও পানের বরজ করা হচ্ছে। প্রশাসনের পক্ষে মাইকিং করে পাহাড় কাটা বন্ধ ও পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হলেও তাঁরা শুনছেন না।