পাহাড় কেটে সড়ক করায় জরিমানা
সিলেটের জাফলংয়ে পাহাড় কেটে সড়ক করায় ভূমি ব্যবসায়ী আতাউর রহমানকে সাত লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের (এনফোর্সমেন্ট) পরিচালক মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল সোমবার তাঁকে এই দণ্ড দেন। একই সঙ্গে তিনি তাঁকে এক মাসের মধ্যে পাহাড়টি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।পরিবেশ অধিদপ্তর, সিলেটের বিভাগীয় পরিচালক এস এম ফজলুল করীম প্রথম আলোকে জানান, এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল আতাউর রহমান জরিমানার অর্থ পরিশোধ করেছেন।পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বিকল্প যোগাযোগব্যবস্থার নামে পর্যটন কেন্দ্র জাফলংয়ের সবচেয়ে উঁচু পাহাড় কেটে সড়ক করছিলেন আতাউর রহমান। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘পাহাড় কেটে সড়ক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে আতাউর রহমানকে রোববারই পরিবেশ অধিদপ্তর নোটিশ দেয়। প্রকাশিত প্রতিবেদন ও পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী পাহাড় কাটার সত্যতা পাওয়ায় গতকাল ঢাকায় তলব করে আতাউর রহমানকে জরিমানা করা হয়। একই দিন সিলেটের পাঠানটুলায় একটি টিলা কেটে বাড়ি নির্মাণ করায় সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক ভুবনজয় আচার্যকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী জানান, পাহাড় ও টিলা কাটায় সিলেট অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্যের অপরিমেয় ক্ষতি হচ্ছে। উচ্চ অঙ্কের জরিমানা আরোপের মাধ্যমে অপরাধ দমনের প্রয়াস চালানো হচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত রাখার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সময়ের প্রয়োজন হবে।