পাহাড় চূড়া থেকে পড়ে প্রাণ গেল হাতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে প্রায় ১২০ ফুট উঁচু পাহাড় থেকে তিনটি বন্য হাতি কাঁঠাল খেতে নেমেছিল নিচের বসতবাড়ির আঙিনায়। প্রায় ৩০টি গাছের শতাধিক কাঁঠাল খেয়ে হাতি তিনটি আবার উঠে পড়ে চূড়ায়। এর মধ্যে একটি হাতি পা পিছলে নিচে পাহাড়ি ছড়ায় পড়ে যায়। এরপর ঘণ্টাখানেক হাঁকডাক দিয়ে মৃত্যু হয় হাতিটির।

কক্সবাজার বন রেঞ্জের বড়ছড়া বনাঞ্চলের দুর্গম মুফিজেরঘোনা পাহাড়ে গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর পর্যটনপল্লি থেকে দেড় কিলোমিটার ভেতরে মুফিজেরঘোনা এলাকাটি।

মুফিজেরঘোনা এলাকার বাসিন্দা মুফিজুর রহমান (৫৫) ও সাইফুল আলম (৪৫) বলেন, গভীর রাতে হইচই করেও তাঁরা হাতির দলকে তাড়াতে পারেননি। আড়াইটার দিকে হাতির দলটি পুনরায় পাহাড়ের চূড়ায় ওঠে পড়ে। ভোররাতে হঠাৎ হাতির ডাক শুনতে পান তাঁরা। এরপর টর্চলাইট নিয়ে লোকজন গিয়ে দেখেন পাহাড়ের নিচে ছড়ায় পড়ে আছে একটি হাতি। চেষ্টা করেও হাতিটি উঠে দাঁড়াতে পারছে না। হাতির শুঁড় শরীরের নিচে আটকা পড়েছে। সকাল ১০টার দিকে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধারের চেষ্টা চালান।

বন বিভাগ সূত্র জানায়, সকালে কক্সবাজার বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুণ অর রশীদের নেতৃত্বে একটি দল বড়ছড়ার পাহাড়ে গিয়ে হাতিটির অবস্থা দেখেন। এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নন্দন কুমার চন্দ, কলাতলী বনবিট কর্মকর্তা ফরিদুল আলম ও গণমাধ্যমকর্মীরা।

হাতিটির পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নন্দন কুমার চন্দ প্রথম আলোকে বলেন, উঁচু পাহাড় থেকে পা পিছলে পড়ে নিহত পুরুষ হাতিটির বয়স হতে পারে ১০-১২ বছর। ওজন পাঁচ থেকে ছয় মেট্রিকটন হবে। পড়ার সময় শুঁড়টি শরীরের নিচে আটকা পড়ায় হাতিটি দাঁড়াতে পারেনি। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে হাতিটির মৃত্যু হতে পারে।

রেঞ্জ কর্মকর্তা বলেন, ১২০ ফুট উঁচু পাহাড়টির নিচে একটি সরু ছড়া আছে। সেই ছড়ায় আটকা পড়ায় মৃত হাতিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতির একটি দাঁত পাওয়া গেছে। মাটি সরিয়ে আরেকটি দাঁত আছে কি না দেখা হচ্ছে। এরপর মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হবে।

কলাতলী বনবিট কর্মকর্তা বলেন, বড়ছড়া পাহাড়ে ৪০-৪৫টি বন্য হাতির বিচরণ আছে। হাতির দল প্রায় সময় রাতে ফলমূল খেতে লোকজনের বসতবাড়িতে হানা দেয়।