পাহাড়-টিলা-ভূমি রক্ষায় এলাকাবাসীর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার পাহাড়-টিলা-ভূমি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার প্রবীণ ব্যক্তিরা জৈন্তাপুর উপজেলা সদরে গিয়ে স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন স্মারকলিপি নেন। কানাডা আওয়ামী লীগের নেতা সরওয়ার হোসেনের বানকান টি এস্টেটসহ চারটি চা কোম্পানি জৈন্তাপুরের হর্নী, বাইরাখেল, কালিঞ্জিবাড়ী, বাউরভাগ, গৌরীসংকর, গুয়াবাড়ী, নয়াখেল পূর্ব ও জালিয়াখলা মৌজার প্রায় ছয় হাজার একরের বেশি জমি বন্দোবস্ত চেয়ে পৃথক আবেদন করেন। প্রভাবশালী ব্যক্তিদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বন্দোবস্ত দেওয়ার তোড়জোড় শুরু করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস শুকুর, ২ নম্বর ওয়ার্ড সদস্য শামীম আহমদ, এলাকাবাসীর পক্ষে প্রবীণ মোহাম্মদ আলী, হরমুজ আলী, আবদুল মালেক, ইয়াকুব আলী, আবদুল লতিফ ও আবদুল হামিদ স্মারকলিপি হস্তান্তর করেন। আবদুস শুকুর প্রথম আলোকে জানান, তাঁদের নিয়মতান্ত্রিক আন্দোলনে সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করার আশ্বাস দেন। বন্দোবস্ত প্রক্রিয়া ‘নেতিবাচক’?: পাহাড়-টিলা-ভূমি রক্ষায় এলাকাবাসীর আন্দোলন ও সংবাদমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ পাওয়ায় বন্দোবস্তের প্রক্রিয়া থেকে জেলা প্রশাসন সরে যাচ্ছে বলে সূত্র জানায়। এলাকাবাসীর বিক্ষোভ ও সংবাদমাধ্যমে এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা বন্দোবস্ত প্রক্রিয়ার ‘নেতিবাচক’ দিক তুলে ধরে প্রশাসনিক অবস্থান পরিবর্তন করছে। গতকাল এ ব্যাপারে একটি প্রতিবেদন জেলা প্রশাসন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে বলে সূত্র জানায়। জৈন্তাপুর উপজেলা প্রশাসন থেকে সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) বরাবর পাঠানো সর্বশেষ প্রতিবেদনে ‘নেতিবাচক’ দিক তুলে ধরা হয়। প্রতিবেদনে (স্মারক নম্বর-২৩৮৭) চা-বাগান বন্দোবস্তের আবেদন করা জায়গায় বাঁশমহাল, বন বিভাগের গেজেটেড জায়গা, অন্য চা-বাগানের জায়গা থাকায় উপজেলা প্রশাসন চা-বাগান করার ‘উপযুক্ততা নাই’ বলে উল্লেখ করে। সিলেটের আরডিসি বিএম মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বন্দোবস্তের আবেদন করা কোনো জায়গায় জটিলতা থাকলে স্বাভাবিকভাবে বন্দোবস্ত না দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত হয়।’ জেলা প্রশাসন থেকে বন্দোবস্ত প্রক্রিয়া সরাসরি বাতিল ঘোষণা না দিলে এলাকাবাসী আন্দোলন থেকে সরবে না জানিয়ে এলাকাবাসীর পক্ষে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক বলেন, ‘বন্দোবস্ত প্রক্রিয়া বাতিলে প্রশাসন সরাসরি কোনো ঘোষণা না দিলে এলাকাবাসী শান্ত হবেন না। বসবাসকারীদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দিতে হবে।’