পাহাড়-টিলা-ভূমি রক্ষায় জৈন্তাপুরে বিক্ষোভ
জনবসতি উচ্ছেদ করে সিলেটের জৈন্তাপুর উপজেলার দুই ইউনিয়নে নতুন চা-বাগান করার প্রশাসনিক তোড়জোড়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরের বটতলায় তারা বিক্ষোভ করে। পরে সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানানো হয়।এই ঘোষণা অনুযায়ী আগামী বুধবার বিকেলে জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন করা হবে। জৈন্তাপুর উপজেলার নিজপাট ও চারিকাঠা ইউনিয়নের প্রায় ছয় হাজার একর জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করে চারটি কোম্পানি। আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকটা গোপনে বন্দোবস্তের প্রক্রিয়া চলে। একপর্যায়ে টের পেয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। ১১ মহল্লার প্রতিনিধিত্বশীল লোকজন একাত্ম হয়ে গতকাল বিকেলে বটতলায় সমবেত হন। নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিকের সভাপতিত্বে সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয় লোকজন। তারা ‘জান দেব, জমি দেব না’ দাবিতে স্লোগান তোলে। স্থানীয় সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম সমাবেশে একাত্মতা ঘোষণা করেন।সমাবেশে বক্তব্য দেন নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস শুকুর, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, হাজি এনায়েত উল্লাহ, প্রবীণ এলাকাবাসী আবদুল হক, মোহামঞ্চদ আলী, আবদুল মালিক, হরমুজ আলী, রহমত আলী প্রমুখ। বক্তারা প্রায় শত বছরের জনবসতি উচ্ছেদ করে চা-বাগান করার প্রশাসনিক তোড়জোড়ের কঠোর সমালোচনা করে বলেন, যাঁরা ওই এলাকায় বংশপরম্পরায় বসবাস করছে, তাদের ভূমির অধিকার বঞ্চিত করে চা-বাগানের জন্য বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া স্থানীয় মানুষকে হত্যা করার শামিল। সমাবেশে চা-বাগানের বন্দোবস্ত বাতিল করে ওই এলাকার বাসিন্দা স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী বুধবার মানববন্ধন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে চেয়ারম্যান আবদুল মালিক জানান। সিলেট-৪ আসনের (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বলেন, এটা অধিকার আদায়ের দাবি। এখানে কোনো দল নেই, রাজনীতি নেই। এ আন্দোলন এলাকাবাসীর ভূমির অধিকার প্রতিষ্ঠার পর থামবে।বাপার আবদুল করিম উচ্ছেদ আতঙ্কে থাকা মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ অধিকারহারা হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সেই অধিকার প্রতিষ্ঠা করে। বিগত বিএনপি সরকারের আমলে কানসাট ও ফুলবাড়ীর মানুষ তা দেখিয়েছে। কানাডা আওয়ামী লীগের নেতা সরওয়ার হোসেনের বানকান টি এস্টেটসহ চারটি চা কোম্পানি জৈন্তাপুরের হর্নী, বাইরাখেল, কালিঞ্জীবাড়ী, বাউরভাগ, গৌরীশংকর, গুয়াবাড়ী, নয়াখেল পূর্ব ও জালিয়াখলা মৌজার প্রায় ছয় হাজার একরের বেশি জমি বন্দোবস্তের জন্য পৃথক আবেদন করে। ওই এলাকার ১১ মহল্লার বসতি উচ্ছেদ করে চা-বাগান করার তোড়জোড় নিয়ে গতকাল প্রথম অলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করে সরকারি ঘোষণা দেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।