পাহাড়-টিলার সেই ভূমিহীনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চা-বাগান ‘সৃজন’ করার নামে চারটি চা কোম্পানির খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়ায় থাকা পাহাড়-টিলার সেসব ভূমিহীনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘রোটারি ক্লাব অব সিলেট সানসাইন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্গম পাহাড় ও টিলা এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারপ্রতি একটি কম্বল দেওয়া হয়। চারটি চা কোম্পানি জৈন্তাপুরের নিজপাট ও চারিকাটা ইউনিয়নের প্রায় ছয় হাজার একরের বেশি পাহাড়-টিলা শ্রেণীর খাসজমি বন্দোবস্ত চেয়ে পৃথক আবেদন করেছিল। প্রভাবশালীদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন খাসজমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এতে ওই এলাকার ১১ মহল্লার বসতি উচ্ছেদ হবে—এ আশঙ্কায় গত ১২ সেপ্টেম্বর প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এলাকাবাসী পাহাড়-টিলা-ভূমি রক্ষায় আন্দোলন কর্মসূচি পালন করলে বন্দোবস্ত প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন। দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণের সাংগঠনিক উদ্যোগকে অভিনন্দিত করতে সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন ওই এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণকাজে অংশ নেন।