পাহাড় থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-সংলগ্ন পাহাড় থেকে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। অপহরণের প্রায় এক মাস পর গতকাল বুধবার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত অটোরিকশাচালক আকতার হোসেনের (২৭) বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার কুলগাঁও এলাকায়।গতকাল কঙ্কাল উদ্ধারের আগে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: আলী আজম (২৫), মো. আলম (২৪), রাকিব (২২) ও নাসির (২২)। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের পাশের পাহাড় থেকে আকতারের লাশ উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর আলম ও আজম নতুন অটোরিকশা কিনে দেওয়ার কথা বলে আকতারকে নগরে নিয়ে যান। পরে তাঁদের সঙ্গে যোগ দেন রাকিব ও নাসির। এর পর থেকে আকতারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আকতারের বড় ভাই মো. রফিক গত ১৫ সেপ্টেম্বর হাটহাজারী থানায় একটি অপহরণ মামলা করেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, অপহরণকারীরা আকতারকে নগরে নিয়ে যাওয়ার কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সংলগ্ন গহিন পাহাড়ে নিয়ে যান। সেখানে তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, প্যান্ট-বেল্ট দেখে আকতারের লাশ শনাক্ত করেন তাঁর বড় ভাই মো. রফিক।