পাহাড় থেকে তিন শতাধিক বসতঘর উচ্ছেদের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় থেকে তিন শতাধিক বসতঘর উচ্ছেদের নোটিশ দিয়েছে বন বিভাগ। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এসব নোটিশ বসবাসকারীদের হাতে পৌঁছে। বসবাসকারীরা জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের সংরক্ষিত বনের পাহাড় থেকে বসতঘরসহ সব স্থাপনা উচ্ছেদের নোটিশ দেন পোমরা বন বিট কর্মকর্তা। নোটিশ পাওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে বসতঘরসহ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। এতে বসতঘর হারানোসহ ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন বসবাসকারীরা। পোমরা বন বিটের সংরক্ষিত বনের পাহাড় দখল করে চার সহস্রাধিক বসতঘর গড়ে তোলা হয়েছে, যেখানে উন্নয়নমূলক কাজের বিঘ্ন সৃষ্টি হওয়ায় দখলদারদের বসতঘরসহ সব স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। পোমরা কাদেরিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন নোটিশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ৩০ থেকে ৩৫ বছর ধরে গ্রামের চার সহস্রাধিক পরিবার বসতঘর নির্মাণ করে বসবাস করছে, যাদের অধিকাংশই নদীভাঙা ও ভূমিহীন। এ পর্যন্ত কেউ কোনো সময় তাদের উচ্ছেদ তো দূরের কথা, মৌখিকভাবেও চলে যাওয়ার জন্য বলেনি। গ্রামের ফখরুল ইসলাম বলেন, বন বিভাগ উচ্ছেদ নোটিশ দিলেও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উচ্ছেদ থেকে রক্ষার শর্তে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য শপথ করাচ্ছেন। কেউ অনীহা প্রকাশ করলে তাঁকে উচ্ছেদসহ মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।