পাহাড় থেকে পাহাড়ে অনিশ্চিত জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিশ্চিত জীবন। তাতে কী। কোনো কিছুই যে থেমে থাকে না। জীবিকার একমাত্র পথ জুমচাষ। আমন রোপণের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন কয়েকজন আদিবাসী। পান করছেন ‘ডাবা’। খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
অনিশ্চিত জীবন। তাতে কী। কোনো কিছুই যে থেমে থাকে না। জীবিকার একমাত্র পথ জুমচাষ। আমন রোপণের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন কয়েকজন আদিবাসী। পান করছেন ‘ডাবা’। খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের সরকারি সংরক্ষিত বনে প্রায় ১০ হাজার আদিবাসী অনিশ্চিত জীবন যাপন করছেন। প্রতিবছর তাঁরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে স্থানান্তরিত হয়ে জুমচাষ করেন। কোনো সরকারি সুযোগ-সুবিধা পান না। এসব আদিবাসী ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি থেকে উদ্বাস্তু হয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন সাজেক সংরক্ষিত বনের উজ্যাংছড়ি, ভুয়াছড়ি, তলছড়া, আটনং পাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে উদ্বাস্তু আদিবাসীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
উদ্বাস্তু আদিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের আদিনিবাস রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী, বগাচতর, বাঘাইছড়ি উপজেলার মাইল্যা, আমতলি এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী এলাকায়। জানা গেছে, বাস্তুহারা আদিবাসীদের বেঁচে থাকতে হয় শুধু প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে। জুমচাষের জন্য প্রতিবছর স্থান পরিবর্তন করায় সরকারি কোনো সুযোগ-সুবিধাও পান না তাঁরা।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত পার্বত্য চুক্তি অনুযায়ী, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পর্যন্ত যেসব আদিবাসী বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ ভিটা থেকে উচ্ছেদ হয়ে পার্বত্য চট্টগ্রামের অন্য কোনো জায়গায় বসবাস করছেন, তাঁরা অভ্যন্তরীণ উদ্বাস্তু।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম কায়সার বলেন, প্রায় এক হাজার ২০০ বর্গমাইল এলাকার সাজেক সংরক্ষিত বনের অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। উদ্বাস্তু লোকজন এ বনাঞ্চলের বিভিন্ন পাহাড়ে ঘুরে ঘুরে জুমচাষ করেন।
উদ্বাস্তুদের বিষয়ে বন বিভাগের কোনো নির্দেশনা নেই উল্লেখ করে এস এম কায়সার বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান করে এসব লোককে পুনর্বাসনের ব্যবস্থা করা ছাড়া সংরক্ষিত বন থেকে তাঁদের বের করে দেওয়া সম্ভব নয়। আবার জুমচাষই তাঁদের একমাত্র অবলম্বন। তাই জুমচাষও বন্ধ করা যাচ্ছে না।
লংগদুর গুলশাখালী থেকে উদ্বাস্তু হওয়া তরুণ বিকাশ চাকমা এবং দীঘিনালার মেরুং থেকে উদ্বাস্তু হওয়া অমিয় ভূষণ চাকমা জানান, ১৯৮৯ সালে উদ্বাস্তু হওয়ার পর তাঁদের পরিবার ভারতে চলে যায়। সেখানে প্রায় ছয় মাস থাকার পর সাজেকে চলে আসে। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি হওয়ার পর তাঁরা নিজেদের গ্রামের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ভিটা ফেরত পাওয়ার কোনো লক্ষণ না দেখে আবার সাজেকের গভীর জঙ্গলে চলে আসেন। এখন প্রতিবছর নতুন নতুন স্থানে জুমচাষ করছেন।
বাঘাইছড়ি অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন কমিটির সভাপতি শান্তিময় চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলায় প্রায় ২০ হাজার অভ্যন্তরীণ উদ্বাস্তু রয়েছে। সাজেক সংরক্ষিত বনে বসবাসকারী প্রায় ১০ হাজার উদ্বাস্তু বেশি মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের পুনর্বাসনে বিভিন্ন কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বাঘাইছড়ির ইউএনও সুমন চৌধুরী বলেন, ‘অভ্যন্তরীণ উদ্বাস্তুদের কথা জানি। কিন্তু তাঁদের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা নেই।’