
কক্সবাজার শহরের সরকারি পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ে বসবাসকারী লোকজন।
সম্প্রতি শহরের সরকারি পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ৩ এপ্রিল শহরে মাইকিং করে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আসমীর বেগম (৪৫) বলেন, ২৫ বছর ধরে তিনি পরিবারসহ লাইটহাউস পাহাড়ে থাকছেন। তাঁর স্বামী রিকশাচালক। ঘরটি উচ্ছেদ করলে ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। তাই প্রশাসনের উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তিনি মাঠে নেমেছেন।
মদিনা বেগম (৪৫) নামের আরেক নারী বলেন, যারা পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সবাইকে উচ্ছেদ করা ঠিক হচ্ছে না।
সাত্তারঘোনা পাহাড়ে বসবাসকারী নুরুল আমিন (৪৮) বলেন, শহরতলির অন্তত ১২টি সরকারি পাহাড়ে ১০ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে লাখো মানুষ। বিপুলসংখ্যক মানুষকে উচ্ছেদের আগে মাথা গোঁজার বিকল্প ব্যবস্থা করতে হবে।
ফাতেরঘোনা সমাজ কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। তাই পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা উচ্ছেদ করবেন।