পাহাড় থেকে লোকালয়ে এসে ধরা পড়ল অজগরটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে চলে আসা প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর গতকাল রোববার সকালে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিকেলে অজগরটির মুখ বস্তা দিয়ে আটকে রিকশাভ্যানের সঙ্গে এর শরীর দড়ি দিয়ে বেঁধে মধ্য ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে উৎসুক লোকজন অজগরটি দেখার জন্য ভিড় জমান।
অজগরটি উদ্ধার করা যুবকদের একজন মো. শওকত প্রথম আলোকে বলেন, গভীর জঙ্গল থেকে লোকালয়ের কাছে এসে বিভিন্ন সময় ছাগল, মুরগি খেয়ে চলে যেত অজগরটি। এ কারণে স্থানীয় লোকজন মধ্য ছলিমপুর পাহাড়ের পাশে পাহারা দেওয়ার ব্যবস্থা করে। গতকাল সকাল ১০টার দিকে বড় আকৃতির একটি ছাগল খেয়ে অজগরটি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় একজন কৃষক অজগরটিকে পাহাড়ের পাশে পড়ে থাকতে দেখেন। তিনি এলাকার লোকজনকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে তাঁরা ১৫-২০ জন যুবক গিয়ে অজগরটি উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠান।
এ বিষয়ে বন বিভাগের কুমিরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, অজগর উদ্ধারের বিষয়টি কেউ বন বিভাগকে জানায়নি।
এর আগে গত ৮ সেপ্টেম্বর জঙ্গল ছলিমপুর এলাকায় দুর্গম পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে নির্মমতার শিকার হয় একটি শজারু। পরে শজারুটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়। পরদিন সেখানে মারা যায় প্রাণীটি।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর চৌধুরী মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, পাহাড়ে মানুষের যাতায়াত, বন নিধনসহ বিভিন্ন কারণে বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। এ ছাড়া খাদ্যাভাবেও লোকালয়ে অনেক প্রাণী চলে আসে।
চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, ‘অজগরটি ছাগল খেয়েছে। এর পেট ফুলে রয়েছে। পর্যবেক্ষণে রেখেছি। প্রয়োজনে অস্ত্রোপচার করা হবে।’