পাহাড় থেকে সেনা প্রত্যাহার করে ভুল করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে সেনাবাহিনী রাখার দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে, সেনাবাহিনী প্রত্যাহারের কারণে পাহাড়ে এমন নৃশংস ঘটনা ঘটেছে। উত্তরার নিজ বাসভবনে গতকাল রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাহাড়ে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল না। বিএনপি সে সময় এ ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। বিএনপির আশঙ্কা ছিল, সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে চরম বিপর্যয় নেমে আসবে। বিএনপির এই নেতা বলেন, বাঘাইছড়িতে যে ঘটনা ঘটেছে, তাতে দেশের মানুষ উদ্বিগ্ন। বিএনপি বরাবরই বলে আসছে, ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষের মধ্যে আলোচনা হতে হবে। সরকার তা না করে সেনাবাহিনী প্রত্যাহার করে জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এর ফলে সেখানে বসবাসরত পাহাড়ি ও বাঙালি দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এরা জীবনের ও সম্পদের নিরাপত্তাহীনতায় ভুগবে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে তা পুনর্মূল্যায়ন করতে হবে।’