পাহাড় ধস ঠেকাতে ১২ দফা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় ধস ঠেকাতে ‘পাহাড় ব্যবস্থাপনা’ নীতি প্রণয়ন, ছাড়পত্র নিয়ে পরিকল্পিত রাস্তা নির্মাণ করাসহ ১২ দফা সুপারিশ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জমা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অধিদপ্তর এই প্রতিবেদন তৈরি করে।

ওই প্রতিবেদনে, ধস ঠেকাতে পাহাড় ও টিলা সংরক্ষণে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ কঠোরভাবে প্রতিপালন, পাহাড়ি এলাকায় ভূমিধস ও ভূমিক্ষয় রোধে বনায়ন, পাহাড় সংরক্ষণ টেকসই কৃষির প্রবর্তন, পানি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, ম্যাপিং, জোনিংসহ পাহাড়ি এলাকার বিস্তারিত তথ্যভান্ডার গড়ে তোলা, পাহাড় সংরক্ষণ, পাহাড়ি এলাকার ব্যবহার সংক্রান্ত দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন, টেকসই পাহাড় ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া, পাহাড়ের গায়ে থাকা গুল্ম জাতীয় গাছ/জঙ্গল পোড়ানো বন্ধ করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, পার্বত্য জেলায় পাহাড়ি এলাকায় রাস্তা নির্মাণের সময় পাহাড়ের ঢাল কোনভাবেই যাতে ৩৫-৪০ ডিগ্রির বেশি না হয় তা লক্ষ রাখতে হবে। পাহাড়ের ঢালে সিমেন্ট ব্লক বসাতে হবে বা ঘাসের আচ্ছাদন লাগাতে হবে। পাহাড় কেটে সমান করে এবং পাহাড়ের ঢাল এবং পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করতে হবে। পাহাড়ের নিচে রাস্তা ও স্থাপনাগুলোর সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। পাহাড়ের অবৈধ বসতি স্থাপন নিরুৎসাহিত করতে বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ দেওয়া বন্ধ ও বিচ্ছিন্ন করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, নির্বিচার বন ধ্বংস, ভূমিধস, ভূমিক্ষয়, মাটি ও পানি দূষণ, অপরিকল্পিত নগরায়ণ, পাহাড় কাটাসহ নানা কারণে পাহাড়ের সুরক্ষা কঠিন হয়ে পড়ছে।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, অনেক সময় সরকারি সংস্থাও খাঁড়া ভাবে পাহাড় কাটে। এ জন্য সংসদীয় কমিটি পরিবেশ অধিদপ্তরের সুপারিশগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিতে বলেছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে বৈঠক করে সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এদিকে গতকাল সংসদীয় কমিটির বৈঠকে সামাজিক বনায়নের মাধ্যমে যাদের সরকারি জমি ইজারা দেওয়া হয়েছে সেগুলো প্রতি বছর নবায়ন ও একটি নির্ধারিত হারে টাকা প্রদান এবং এসব জমিতে কোনভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, সাংসদ নবী নেওয়াজ, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী ও মেরিনা রহমান বৈঠকে অংশ নেন।