পাহাড় ধসে একজনের মৃত্যু বড় দুর্ঘটনার আশঙ্কা
চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে গতকাল রোববার পাহাড় ধসে নুরুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। নগরের পাহাড়তলী ফিরোজশাহ ঝিল মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই এলাকার বাবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। নোয়াখালী সদরে তাঁর বাড়ি।খুলশী থানার উপপরিদর্শক ওয়ালি উদ্দিন জানান, সকালে তিনি বাথরুমে যান। এ সময় পাহাড়ের একটি অংশ বাথরুমের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। বর্ষার প্রথম দিকে পাহাড় ধসে এই মৃত্যু বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে ৭০০ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া দরকার বলে মনে করছেন তাঁরা।এ প্রসঙ্গে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, বর্ষার শুরুতেই পাহাড় ধসে মৃত্যুর ঘটনা দুঃখজনক। প্রশাসন বারবার যেসব উদ্যোগের কথা বলে, তা বাস্তবায়ন করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। আবহাওয়া দপ্তর চট্টগ্রামে জুন মাসে ৬২০ মিলিমিটার ও জুলাই মাসে ৭২০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সাধারণত জুন থেকে আগস্ট মাসে বৃষ্টির সময় চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। গত বছরের ১ জুলাই মুষলধারায় বৃষ্টির সময় নগরের বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়ালসহ ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছিল। তারও আগে ২০০৭ সালের ১১ জুন বৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রামে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। এই বাস্তবতা মাথায় রেখে প্রশাসন প্রতিবার আগে থেকে প্রস্তুতি নেয়। এবারও গত ৯ মে সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটি সভা করে বর্ষার আগেই ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরিয়ে নিতে পদক্ষেপ নেয়। কিন্তু বাস্তবায়িত হয়নি। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা কমিটি নগরের মতিঝর্না, বাটালি পাহাড়, ইস্পাহানি পাহাড়সহ মোট ১৩টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব পাহাড়ে ৭০০ পরিবার বসবাস করছে।গত শুক্র ও শনিবারের বৃষ্টির সময় নগরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মতিঝর্না, বাটালি হিল এলাকায় মাইকিং করে লোকজনকে পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ ছিল না বলে জানা গেছে। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির প্রথম আলোকে বলেন, ‘আমি নিজ উদ্যোগে মাইকিং করে লোকজনকে সরে যেতে বলেছি। কিছু কিছু সরেছে। জেলা প্রশাসন থেকেও এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। কিন্তু সিটি করপোরেশন এ ব্যাপারে উদাসীন। আমরা এখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’ এ প্রসঙ্গে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান বলেন, ‘আমরা তাদের প্রতিনিয়ত সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃষ্টির সময় ফোর্স করেও তাদের সরিয়ে নেওয়া হয়। তাঁরা শ্রমজীবী মানুষ। তাদের সরালেও পুনরায় একই জায়গায় এসে বসতি গড়ে তোলে। তাই আমরা স্থায়ী পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’