পাহাড় ধসে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির ঢেপ্যোছড়ি মুখ এলাকায় গতকাল সকালে পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সীমিত আকারে যান চলাচল শুরু হয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রাঙামাটির ঢেপ্যোছড়ি মুখ এলাকায় গতকাল সকালে পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সীমিত আকারে যান চলাচল শুরু হয়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে রাঙামাটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঢেপ্যোছড়ি মুখ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ সময় সড়কের দুদিকে শতাধিক বাস, ট্রাকসহ দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তা, বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড় ধসের পর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এরপর সড়কের ওপর থেকে ধসে পড়া মাটির কিছু অংশ সরিয়ে নেওয়ার পর সীমিত আকারে যান চলাচল শুরু করা হয়।
যান চলাচল স্বাভাবিক রাখতে সওজের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের গতকাল বিকেল চারটার দিকে মাটি সরানোর কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। পাহাড় ধসের ঘটনা যেখানে ঘটেছে, সে এলাকায় সড়কটি প্রস্থে তুলনামূলক কম বলে জানান বাসচালকেরা।
গতকাল বেলা ১১টায় ঢেপ্যোছড়ি মুখ এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের একটি মোড়ে প্রায় ১৫০ ফুট উঁচু পাহাড় রয়েছে। এই পাহাড়ের প্রায় ৭০ থেকে ৮০ ফুট অংশ খাড়াভাবে ধসে পড়েছে। এ কারণে আটকে পড়া একজন বাসচালক বলেন, ‘বাস যে ফিরিয়ে নেব, তার কোনো সুযোগ নেই। সড়কের দুই-তিন কিলোমিটারের মধ্যে বাস ঘুরানোর মতো কোনো জায়গা নেই।’

সোনামণি চাকমা (৪৫) নামের এক যাত্রী বলেন, ‘আমার বিকেল চারটার মধ্যে চট্টগ্রাম পৌঁছাতে হবে। না হলে অসুবিধায় পড়ব। তাই প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে ঘাগড়ায় যেতে হবে। সেখান থেকে অটোরিকশায় করে চট্টগ্রাম যাব।’

সওজের উপসহকারী প্রকৌশলী আবু মো. মুছা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু করা সম্ভব হয়। তবে এখনো একদিক থেকে ছাড়লে অন্যদিকের গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। যান চলাচল পুরোদমে স্বাভাবিক হতে সোমবার (আজ) সকাল পর্যন্ত সময় লাগতে পারে।