পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের বায়েজীদ থানার জালালাবাদ মাঝিরঘোনা এলাকায় পাহাড় ধসে মা-মেয়ে মারা গেছে। আজ সোমবার সকাল সাতটার দিকে বৃষ্টির সময় জালালাবাদ ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বেলা একটার দিকে ধসে পড়া মাটির নিচ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।
নিহত মা পারভিন আক্তার (৩০) এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ের নাম ঊর্মি আকতার সাথী। পারভিনের স্বামী আবুল খায়ের শহরতলিতে চলাচলরত বাসের চালকের সহকারী। তাঁদের দুই মেয়ে ও দুই ছেলে। নিহত ঊর্মি এই দম্পতির সন্তানদের মধ্যে তৃতীয়। পারভিন আক্তার অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
আবুল খায়ের প্রথম আলোকে বলেন, এক বছর আগে এক আত্মীয় নগরের জালালাবাদ পাহাড়ের পাদদেশে তাঁদের বিনা ভাড়ায় থাকতে দেন। তাঁরা পাহাড়ের পাশে দুই কক্ষবিশিষ্ট একটি টিনের ঘরে থাকতেন। আজ সকালে তাঁর স্ত্রী পারভিন রান্নাঘরে কাজ করছিলেন। মেয়ে ঊর্মিও তখন সেখানে ছিল। তিনি ও তাঁদের দুই সন্তান আরেক ঘরে ছিলেন। বড় সন্তান কাজে যাওয়ায় এ সময় বাড়িতে ছিল না। পাশের পাহাড় ধসে রান্নাঘরের ওপর পড়লে মাটির নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেন।
সরেজমিন দেখা গেছে, পাহাড়ের একটি বড় খণ্ড আবুল খায়েরদের রান্না ঘরের ওপর পড়ে। এতে রান্নাঘরটি পাহাড়ের মাটির নিচে চাপা পড়লেও লাগোয়া ঘরটির তেমন ক্ষতি হয়নি।
আবুল খায়ের বলেন, ‘আমি শোয়ার ঘরে ছিলাম। হঠাৎ মাটি পড়ার শব্দে দৌড়ে ঘর থেকে বের হয়ে পড়ি। চোখের সামনে আমার স্ত্রী ও মেয়ে মারা যায়।’
বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হবে। তিনি বলেন, একই এলাকায় আরও বেশ কিছু ঝুঁকিপূর্ণ বসতঘর দেখা গেছে। এখানে জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হবে।