পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে মামলার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে পাহাড় কর্তনকারী বা ধ্বংসকারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের কাছে সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন। গতকাল বিকেলে সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, ভুয়া কাগজপত্র দেখিয়ে পাহাড় কাটার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালনকারী দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সতর্ক করতে বৈঠকে সুপারিশ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে সম্পত্তির অবৈধ দখল ঠেকাতে বন বিভাগের সব সম্পত্তির গেজেট নোটিফিকেশন দ্রুত জারি এবং পরিবেশসংক্রান্ত মামলার ডেটাবেজ তৈরি করে তা ভূমি মন্ত্রণালয়ে সরবরাহের সুপারিশ করা হয়। মোজাম্মেল হক বলেন, বৈঠকে ভূমিসংক্রান্ত আইনি জটিলতা নিরসনে এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ ঠেকাতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি ‘আইন শাখা’ গঠনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। কৃষিজমির ব্যবহারসংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়। বৈঠকে টেন্ডার ছাড়া কোনো বালুমহাল ইজারা না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নসহ বাণিজ্যিকভাবে কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি থেকে বালু না ওঠানোর সুপারিশ করা হয়। মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী রেজাউল করিম, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, শাহাব উদ্দিন, আবদুল হাই ও মতিউর রহমান উপস্থিত ছিলেন।