পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত হয়, বাস্তবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটালি পাহাড়ধসে গত বছর ১৭ জনের প্রাণহানি ঘটে। এর এক সপ্তাহের মাথায় পাহাড় ব্যবস্থাপনা কমিটি সভা করে। সভায় পাহাড়ধস প্রতিরোধে স্বল্প, দীর্ঘ ও মধ্য মেয়াদে বাস্তবায়নযোগ্য কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। এদিকে গত মঙ্গলবার আবারও পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুলাই বাটালি পাহাড়ে ধসের পর ৭ জুলাই পাহাড় ব্যবস্থাপনা কমিটি নগরের সার্কিট হাউসে সভা করে। ওই সভায় ছয়টি স্বল্পমেয়াদি, তিনটি মধ্যমেয়াদি ও দুটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল, নগরের যেসব পাহাড়ের পাদদেশে অবৈধ ঘর তুলে যারা নিম্ন আয়ের লোকজনকে ভাড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা এবং দখলদারদের উচ্ছেদ করা। উদ্ধার করা জায়গায় বন বিভাগ কর্তৃক বনায়নের সিদ্ধান্তও ছিল। এ ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা। ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসের পরও স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘুরেফিরে এসব সিদ্ধান্তের কথা পাহাড় ব্যবস্থাপনা কমিটির সবগুলো সভায় এসেছে। কিন্তু এগুলো বাস্তবায়ন করা হয়নি। পাহাড় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান প্রথম আলোকে বলেন, পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা যায়নি। কারণ, এ জন্য জমি ও অনেক টাকা দরকার। আর আজ তাদের সেখান থেকে তুলে দিয়ে পুনর্বাসন করলে কাল আরও কয়েকজন এসে নতুন করে বসতি গড়বে। তিনি দাবি করেন, অন্যান্য সিদ্ধান্তের অনেকটা বাস্তবায়ন করা হয়েছে। সূত্র জানায়, পাহাড় ব্যবস্থাপনা কমিটি ২০০৭ থেকে এ পর্যন্ত নয়টি সভা করেছে। প্রতিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ মে নবম সভায়ও বর্ষার আগেই ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি।গত সপ্তাহের বৃষ্টির সময় মাইকিং করে পাহাড়ে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে নগরের বিশ্বকলোনি ও বাটালি পাহাড়ে ১০০ পরিবারকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়। সব জায়গার পাহাড় থেকে অন্য বাসিন্দাদের সরানো যায়নি বলে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। এ প্রসঙ্গে কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘আমরা অবৈধ দখলমুক্ত করতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। দেখা যায়, কেউ আদালতের স্থগিতাদেশ কিংবা মামলা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। তা না হলে কোনো স্থানে রাজনৈতিক আশ্রয়ে তাঁরা এসব দখল করে রেখেছেন।’ মো. জাফর আলম বলেন, দখলদারেরা নিম্ন আয়ের লোকজনকে ভাড়া দিয়ে থাকে। তাদের সাময়িকভাবে সরালেও আবার চলে আসে।