পাহাড় রক্ষায় টাস্কফোর্স গঠনের দাবি
পাহাড় কাটা বন্ধে টাস্কফোর্স গঠনের পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস–এর নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। আজ শনিবার বিকেলে চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০০৭ সালে চট্টগ্রাম মহানগর এবং ২০১৭ সালে রাঙমাটি ও চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের স্মরণে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ থেকে ১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণা, ২০০৭ সালে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন, টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষা করে সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করানোসহ বিভিন্ন দাবিনামা তুলে ধরেন সংগঠনের সভাপতি শরীফ চৌহান।
সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদ ও খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘পাহাড় কেটে শেষ করা হয়েছে। কর্ণফুলী ভরাট হওয়ার পথে। এ শুধু পাহাড় কাটা নয়, আমাদের প্রকৃতিকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র। সরকারের কর্তাব্যক্তিরা মানুষের কাতারে নেমে এসে পাহাড়–নদী রক্ষা না করলে সামনে সমূহ বিপদ রয়েছে।’
পিপলস ভয়েসের সদস্য মিঠুন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অধ্যাপক মো. ইদ্রিস আলী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি শিল্পী রাশেদ হাসান, কবি আশীষ সেন, সম্মিলিত আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রগতির যাত্রী ডটকমের সম্পাদক ফজলুল কবির প্রমুখ।
সমাবেশ শেষে সমবেতরা মোমবাতি প্রজ্বালন করে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের স্মরণ করেন।