পাহাড় রক্ষায় সংরক্ষণ কমিটি গঠনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় ও টিলা রক্ষায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিয়ে সংরক্ষণ কমিটি গঠনের পক্ষে মত দিয়েছেন সিলেটের পরিবেশবাদীরা। গতকাল শনিবার সিলেটে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত আলোচনা সভায় তাঁরা এ মতামত দেন।আলোচনা সভায় বক্তারা সংরক্ষণ কমিটি গঠন করে ব্যাপক জনসচেতনতা এবং প্রয়োজনে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত ‘পাহাড় কাটা রোধ, সফলতা ও প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান জহির বিন আলম। সভায় তথ্যচিত্রের মাধ্যমে সিলেটের পাহাড় ও টিলা কাটার প্রবণতা নিয়ে আলোচনা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পুরকৌশল বিভাগের প্রভাষক সৈয়দা জিহান ফারজানা। আইনি দিক নিয়ে আলোচনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেটের সমন্বয়ক শাহ সাহেদা আখতার। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের পাহাড় ও টিলা কেটে পরিবেশ বিপন্ন করে তোলা হচ্ছে। ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচাতে পাহাড় ও টিলা সংরক্ষণ করতে হবে। আলোচনা সভায় টিলা ও পাহাড় রক্ষায় বেশ কয়েকটি প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে সিলেটের বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে ‘সংরক্ষণ কমিটি’ গঠন, পরিবেশবিধ্বংসী কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পরিবেশ আইনের যথাযথ ব্যবহার, পাহাড় ও টিলা রক্ষায় সংশ্লিষ্ট এলাকায় ফলদ ও ঔষধিগাছ রোপণের উদ্যোগ নেওয়া। আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার বলেন, সিলেটের টিলা ও পাহাড় রক্ষায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার লোকজন নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘সিলেটের পাহাড় ও টিলার তথ্য পেতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা অচিরেই পরিসংখ্যান তৈরি করব। পাশাপাশি মন্ত্রণালয়ের বৈঠকে সিলেটের টিলা ও পাহাড় রক্ষায় সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার উদ্যোগও নেওয়া হবে।’