পাহাড়-সান্নিধ্যে সৃষ্টিমুখর ১২ শিল্পী
কেউ এঁকেছেন পাহাড়, কেউ পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া সাঙ্গু নদ, কেউ বা এখানকার হাটবাজার ঘুরে এসে এঁকেছেন আদিবাসীদের প্রাত্যহিক জীবনের ব্যস্ত মুহূর্ত। কেউ আবার এসবের কিছুই নয়, প্রকৃতির সান্নিধ্য পেয়ে দীর্ঘদিন মনের ভেতরে বয়ে বেড়ানো কোনো অব্যক্ত বিষয়কে মুক্তি দিয়েছেন ক্যানভাসে। নগরের কোলাহল থেকে অনেক দূরে এভাবেই সৃষ্টিমুখর হয়ে উঠেছিল ১২ জন শিল্পীর রং-মন-তুলি ও ক্যানভাস। ২৩ থেকে ২৬ মার্চ বান্দরবানের মিলনছড়ি রিসোর্টে আর্ট ক্যাম্পের আয়োজন করেছিল ‘গ্যালারি কায়া’। এতে অংশ নিয়েছেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, সমীরণ চৌধুরী, কাজী রকিব, তরুণ ঘোষ, মাসুদা কাজী, নগরবাসী বর্মণ, আশরাফুল হাসান, তরিকত ইসলাম, বিশ্বজিৎ গোস্বামী, কামালুদ্দিন ও সোহাগ পারভেজ। এক অর্থে এই কয়েক দিন মিলনছড়ি রিসোর্ট হয়ে উঠেছিল নবীন-প্রবীণ শিল্পীদের মিলনমেলা। হামিদুজ্জামান খান যেমন বললেন, ‘ক্যাম্পে আসা শিল্পীদের অধিকাংশই আমার ছাত্র, আবার আমি নিজে সমরজিৎ রায়চৌধুরীর ছাত্র। বয়সের ব্যবধান এখানে কোনো বিষয় নয়, সবাই ছবি আঁকতে এসেছি, পরস্পরকে জানতে ও বুঝতে এসেছি। এখানে সহযোগিতা আছে, আবার অলক্ষে হয়তো একটা প্রতিযোগিতাও আছে।’ তাঁর কথার প্রতিধ্বনি করলেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী। তিনি বললেন, ‘শুধু ছবি আঁকা তো নয়, এ ধরনের আর্ট ক্যাম্পের ফলে শিল্পীদের মধ্যে একটা ভাববিনিময়ের সুযোগ ঘটে, পরস্পরের কাজের ধরনের সঙ্গে পরিচয় হয়—এটাই বড় প্রাপ্তি বলে মনে করি।’ শিল্পীরা সবাই দেখেছেন একই প্রকৃতি, কিন্তু একেকজনের দেখার দৃষ্টি, কাজের ধরন কতটা ভিন্ন, তার উজ্জ্বল উদাহরণ তাঁদের ক্যানভাস। হামিদুজ্জামান খান এঁকেছেন আদিবাসীদের জীবন। অ্যাক্রিলিকে প্রাণ পেয়েছে পরিশ্রমী আদিবাসী রমণীর কর্মব্যস্ততার মুহূর্ত; সেখানে কর্কশ, নিষ্করুণ ভাবটি ফুটে উঠেছে। সমরজিৎ রায়চৌধুরী পাহাড়ে বসে এঁকেছেন বাংলার লোক ভাবধারার ছবি। তিনি বললেন, ‘ছবির বিষয় ছিল মনে, এখানে নির্জনতার আড়াল আর অবকাশ পেয়ে ক্যানভাসে তা মূর্ত হয়েছে।’ মাসুদা কাজী জলরঙে এঁকেছেন সবুজ পাতা। তাঁর তুলির আঁচড়ে তা সতেজ ও প্রাণবন্ত। কিন্তু তরুণ শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর ক্যানভাসজুড়ে শুকনো পাতার বাদামি রং। তিনি বৃক্ষের ঝরে পড়া বীজের খোলসকে ক্যানভাসে এনে যেন তুলে ধরলেন প্রকৃতির এ সময়ের রুক্ষ ভাবটি। শুরুর দিনটি ছিল শুধুই দেখা, কিছু কিছু স্কেচ করে রাখা। দ্বিতীয় দিন থেকে ছবি আঁকায় নিমগ্ন হয়েছেন শিল্পীরা। ছবিতে রং ব্যবহার করতে করতে কেউ ঘর ছেড়ে বেরিয়ে এসে আরেকবার পর্যবেক্ষণ করেছেন প্রকৃতির রং—চলেছে ক্যানভাসের রঙের সঙ্গে প্রকৃতির রঙের সাজুয্য সৃষ্টির নিরন্তর সংগ্রাম। গতকাল শেষ দিনে এই শিল্পীদের তৃপ্ত চেহারাই বলে দিচ্ছিল আয়োজনটি সফল হয়েছে। ‘সৃষ্টি-সুখের’ তৃপ্তি ছিল তাঁদের চোখেমুখে। গৌতম চক্রবর্তী জানালেন, এই আর্ট ক্যাম্পে আঁকা ছবিগুলো নিয়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে দু-এক মাসের মধ্যে। বাড়ি ফেরার আয়োজন চলছিল, কিন্তু অনুভূতিটা যেন সেই কবিতার পঙিক্তর মতো, ‘বাড়ি ফিরে যেতে যেতে মনে হয়, বাড়িটা আমার নয় ক্লান্তিই আমার..।’