পাহাড়কাটা মাটিতে রাস্তা নির্মাণ, পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়ে নির্বিচারে পাহাড় কাটা চলছে। এতে আসন্ন বর্ষায় ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছেন এলাকাবাসী।সরেজমিনে দেখা যায়, রামগড় পৌরসভার পূর্ব চৌধুরীপাড়া গ্রামের বৈদ্যটিলা জামে মসজিদসংলগ্ন একটি বড় পাহাড় কেটে উজাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। কিছু অসাধু ব্যবসায়ী পাহাড়কাটা মাটি ট্রাক ও ট্রাক্টরে বোঝাই করে পাচার করছে। ইটভাটায় ইট তৈরি, রাস্তা ও পুকুর ভরাটসহ নানা কাজে এই মাটি ব্যবহার করা হয় বলে জানা গেছে। পাহাড় কাটার কারণে ওই এলাকায় বসবাসরত কয়েকটি পরিবারের বসতভিটা, ফলদ ও বনজ বাগান হুমকির মুখে পড়েছে। বাড়িগুলো সরিয়ে না নিলে আসন্ন বর্ষায় জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে।স্থানীয় মসজিদের ইমাম বাহার উল্লাহ বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে পাহাড়ের বাকি অংশটুকুও তারা কেটে ফেলবে। তিনি জানান, প্রতিদিনই পাহাড় কেটে বাইরে মাটি পাচার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন, আবুল হাসেম, জাহাঙ্গীর, মীর হোসেন, নূরনবীসহ অন্যরা পাহাড় কাটা বন্ধে শিগগিরই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।উপজেলা ভাইস চেয়ারম্যান মংসেপ্রু কার্বারি বলেন, পাহাড় কাটা পরিবেশ আইনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। রামগড়ের বড়খেদা, ছোটখেদা, ছিনছড়িপাড়া, তৈচালা, তৈচাকমা, যৌথখামার, ঢাকাইয়া কলোনি, নাকাপা, জালিয়াপাড়া, কৈলাশটিলা, বল্টুরাম বেলতলী বিভিন্ন জায়গা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বর্ষা মৌসুমে এসব এলাকায় পাহাড়ধস নামে। অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। তখন জানমালের প্রচুর ক্ষতি হয়।রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার আল ফিরোজ বলেন, পাহাড়ি টিলাগুলোতে অপরিকল্পিতভাবে কচু ও শিমুল আলু (কাসাবা) চাষ করায় মাটির ধারণক্ষমতা কমে গেছে। পাহাড়ের খাড়া অংশে মাটি কেটে এসব ফসল উৎপাদন করায় ঝরঝরে মাটি সহজেই ধসে পড়ছে। রামগড়ের তৈচালাপাড়া বিডিআর ক্যাম্পসংলগ্ন বড় একটি টিলার মাটি কেটে নেওয়ায় এটি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার আল ফিরোজ জানান, বর্ষা মৌসুমে এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।রামগড় বন বিভাগের সোনাইপুল স্টেশন কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, এসব বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। বন বিভাগের ভূমিকা এ ক্ষেত্রে গৌণ।খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, পাহাড় কাটা আইনবিরোধী কাজ। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।