
গ্রামে রিকশা চালাতেন আবুল খায়ের। কোনো রকমে সংসার চলছিল তাঁর। আরেকটু ভালো থাকার আশায় পাড়ি জমান চট্টগ্রাম নগরে। পরিকল্পনা ছিল বড় ছেলেকে কোনো কাজ জুটিয়ে দিয়ে বাকি সন্তানদের পড়াশোনা করাবেন। কিন্তু যেখানে আশ্রয় জুটেছিল, তার আশপাশে কোনো স্কুল ছিল না। আর আয়-রোজগারও তেমন ভালো হচ্ছিল না তাঁর। তাই সিদ্ধান্ত নিলেন আবার গ্রামে ফিরে যাবেন।
কিন্তু একটি পাহাড়ধসের ঘটনায় সব এলোমেলো হয়ে গেছে আবুল খায়েরের। পাহাড়ধসে স্ত্রী ও এক সন্তানকে হারিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ মাঝিরঘোনা এলাকায় পাহাড়ধসে আবুল খায়েরের স্ত্রী পারভীন আক্তার (৩০) ও তাঁর শিশুকন্যা উর্মি আক্তার (৬) মারা যান।
আবুল খায়ের ও পারভীন আকতার দম্পতির দুই মেয়ে ও দুই ছেলে। উর্মি সন্তানদের মধ্যে তৃতীয়। পারভীন বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
আবুল খায়ের জানান, তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে। বছর খানেক আগে তিনি নোয়াখালী থেকে চট্টগ্রামে এসে বাসচালকের সহকারীর কাজ নেন। তাঁরা জালালাবাদে পাহাড়ের পাদদেশে এক আত্মীয়ের দেওয়া দুই কক্ষের একটি টিনের ঘরে বিনা ভাড়ায় থাকতেন।
আবুল খায়ের জানান, সকাল সাতটার দিকে পারভীন ও উর্মি ছিল রান্নাঘরে। তিনি মেয়ে ফারহানা (১০) ও দেড় বছরের ছেলে ইমরানকে নিয়ে শোয়ার ঘরে ছিলেন। এ সময় পাহাড়ধসে রান্নাঘরের ওপর পড়ে। এতে দুজনের মৃত্যু হয়। সরেজমিনে দেখা যায়, বিশাল পাহাড়খণ্ড পড়ে রান্নাঘরটি দুমড়ে-মুচড়ে গেছে। ওই ঘরের সঙ্গে লাগোয়া শোবার ঘরের তেমন ক্ষতি হয়নি।
আবুল খায়ের জানান, তাঁর বড় ছেলে রায়হান (১৪) দরজির দোকানে কাজ করে। রাতে সে বাড়ি ফেরেনি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, পরিবারটি ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছিল। বেলা একটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এই এলাকায় আরও বেশ কিছু ঝুঁকিপূর্ণ বসতঘর দেখা গেছে। জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বসতঘর উচ্ছেদে অভিযান চালানো হবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, সরকারি ওই পাহাড়ে ঘরবাড়ি করে যারা বসবাস করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।