পাহাড়জুড়ে ফুটেছে ‘বিঝু ফুল’
চৈত্র না আসতেই পাহাড়িদের আগাম বার্তা নিয়ে হাজির হয় ‘বিঝু পাখি’। সঙ্গে পাহাড়জুড়ে ফোটে ‘বিঝু ফুল’। সবুজ পাহাড়ে গাছগাছালিতে বসে মধুর সুরে ‘বিঝু এজোক’ ‘বিঝু এজোক’ করে ডাকে পাখিটি। ‘বিঝু ফুল’ দেখলে আর ‘বিঝু পাখি’র ডাক শুনলেই আদিবাসীদের মনে ‘বৈ-সা-বী’র আনন্দে মন দোলা দেয়। অনেকেই ‘বৈ-সা-বী’র প্রস্তুতি নিতে শুরু করেন। প্রতিবছরের মতো এবারও বিঝুর আগমনী বার্তা নিয়ে পাহাড়জুড়ে ফুটেছে বিঝু ফুল।এই ফুলের কোনো বাগান নেই। ‘ফুল বিঝু’ দিনে ‘বিঝু ফুল’ দিয়ে ঘর সাজানো হলে বিঝুর পূর্ণতা পায়। ‘বিঝু ফুল’ দিয়ে ‘ফুল বিঝুর’ দিনে আদিবাসীরা পুরো ঘর সাজিয়ে রাখে। পাহাড়ে এখন আগের মতো গাছ-বাঁশ না থাকায় প্রকৃতিতে আগের মতো বিঝু ফুল পাওয়া যায় না। তাই বিঝু ফুল ছাড়াও অন্যান্য ফুল দিয়ে ঘর সাজিয়ে রাখে আদিবাসীরা।চাকমারা এ ফুলকে বলে ‘ভাতজোড়া ফুল’। ত্রিপুরারা বলে ‘কুমুইবোবা’। মার্মারা বলে ‘চাইগ্রাইটেং’ আর সাঁওতাল সমপ্রদায় এ ফুলকে বলে ‘পাতাবাহা’। পাহাড়ের বাঙালিরা বলে ‘ভিউফুল’। পানছড়ি উপজেলা ‘বৈ-সা-বী’ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রিয়ংকর চাকমা বলেন, পাহাড় বৃক্ষশূন্য হওয়ার কারণে এখন আর আগের মতো ‘বিঝু ফুল’ পাওয়া যায় না। পরবর্তী প্রজন্ম হয়তো এ ফুল চিনবেও না। ঐতিহ্য আর সংস্কৃতি ধরে রাখার জন্য এ ফুল সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে।স্থানীয় শিক্ষক নীল চন্দ্র চাকমা বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, দিনে বিঝু ফুল সংগ্রহের জন্য খুব ভোরে জঙ্গলে যেতাম। আর বিঝু ফুল দিয়ে পুরো ঘর সাজিয়ে নিতাম। এখন তো আর সেই দিন নেই। মানুষ এখন বিঝু নিয়ে আনন্দ-ফুর্তি কম করে।’