পাহাড়তলী থানার ওসিসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা
প্রবাসীর স্ত্রীকে মারধর, হত্যার হুমকি ও ঘরে অনধিকার প্রবেশের অভিযোগে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়াসহ তিন জনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলীর আদালতে মামলা করেন দক্ষিণ কাট্টলীর বাসিন্দা এক নারী।
নালিশি মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন দক্ষিণ কাট্টলীর সুলতান আহমেদ ও তাঁর ছেলে ইমতিয়াজ আহমেদ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নিচে নয়, এমন কর্মকর্তাকে দিয়ে তদন্তের জন্য নগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী এ বি এম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী বলেন, বাদীর ভাইয়ের হাত কেটে দেওয়ার ঘটনায় আদালতে মামলা করা হয়। কিন্তু মামলাটি প্রত্যাহারের জন্য পাহাড়তলী থানার ওসি হুমকি দিতে থাকেন।
বাদীর আইনজীবী বলেন, গত ১১ জানুয়ারি বাদীর বাবাকে ডেকে নিয়ে ওসি হুমকি দেন। নইলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে বলে জানান। তিন দিন পর ১৪ জানুয়ারি ওসি পুলিশ নিয়ে বাদীর বাসায় ঢুকে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বাদীকে মারধর করেন। ঘরের জিনিসপত্রও ভাঙচুর করেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।
জানতে চাইলে পাহাড়তলী থানার ওসি রণজিত বড়ুয়া গতকাল সন্ধ্যায় এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি মামলা চলছে। ১৪ জানুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত করা হয়। কাউকে মামলা তুলে নিতে কিংবা হত্যার হুমকি দেওয়া হয়নি।