পাহাড়তলী থানার ওসিসহ দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার একটি চাঁদাবাজির মামলার সাক্ষ্য গ্রহণের জন্য বাদীকে হাজির হতে আদালত সমন জারি করেন। কিন্তু ধার্য দিনে হাজির না হওয়ায় বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ প্রতিবেদন দিয়েছে বাদীকে পাওয়া যায়নি। কিন্তু গতকাল রোববার বাদী আদালতে হাজির হয়ে জানান, তাঁর বাড়িতে পুলিশ যায়নি। তিনি কোনো সমনও পাননি।
পরে আদালত পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়াকে লিখিতভাবে ও এএসআই আবছার উদ্দিনকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দিতে বলেছেন। গতকাল তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোসাম্মৎ বিলকিস আক্তার এ আদেশ দেন।
সরকারি কৌঁসুলি তুহিন গাঙ্গুলী বলেন, পাহাড়তলী এলাকার মাহবুবুর রহমান ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। এই মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য আদালত গত এপ্রিল মাসে সমন জারি করেন। কিন্তু থানা থেকে সমনটি ফেরত আসায় আদালত গত ২৮ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বাদীর বিরুদ্ধে। ২২ আগস্ট ওই সাক্ষীকে পাওয়া যায়নি এবং এই নামের কোনো ব্যক্তি নেই উল্লেখ করে পাহাড়তলী থানার এএসআই আদালতে প্রতিবেদন জমা দেন। এতে স্বাক্ষর করেন পাহাড়তলী থানার ওসিও।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সমন ও পরোয়ানা জারিতে কোনো গাফিলতি থাকলে এএসআই আবছারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।