পঁচিশে মার্চ কালরাত স্মরণ করে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বধ্যভূমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও সমাবেশ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন নামে একটি সংগঠন। সমাবেশ থেকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির আহ্বায়ক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গাজী সালেহউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের নগর কমান্ডার মোজাফফর আহমেদ।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখতে শহীদদের যথাযথ সম্মান জানাতে হবে। আমরা তাই ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানাচ্ছি।’
অন্য বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনীর অত্যাচার-নিপীড়নের সাক্ষী হয়ে আছে বধ্যভূমিগুলো। এই বধ্যভূমিগুলো রক্ষা করতে হবে। একই সঙ্গে যুদ্ধাপরাধে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানির আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি জানান তাঁরা।
পরে বধ্যভূমিতে ফুল দেন অনুষ্ঠানের আয়োজকেরা।
এদিকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ মার্চ কালরাতকে স্মরণ করে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শহীদদের স্মৃতির উদ্দেশে প্রদীপ প্রজ্বালন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আলোর মিছিল করেছেন প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে আলোর মিছিল বের করা হয়।
প্রদীপ প্রজ্বালন ও আলোর মিছিল অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সভাপতি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি।
উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক হাসান মুহাম্মদ রোমান, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।