পাহাড়তলীতে করদাতা শনাক্তকরণ ও টিআইএন প্রদান
চট্টগ্রামের পাহাড়তলীতে গতকাল বুধবার সকালে কর অঞ্চল-২, সার্কেল-৩৭-এর উদ্যোগে নতুন করদাতা শনাক্তকরণ ও টিআইএন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাহাড়তলী সিডিএ মার্কেট বণিক কল্যাণ সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩ ও ৪-এর কমিশনার অপূর্ব কান্তি দাস। কর কমিশনার আ জা মু জিয়াউল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, যুগ্ম কর কমিশনার সফিনা জাহান, পাহাড়তলী সিডিএ মার্কেট বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সহকারী কর কমিশনার মো. মেহেদী হাসান।প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার অপূর্ব কান্তি দাস বলেন, ‘বর্তমান সরকার কর দেওয়ার নিয়ম শিথিল করে করবান্ধব নীতিমালা করেছে।’ তিনি সরকারের উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার জন্য সবাইকে কর দেওয়ার অনুরোধ জানান।