পাহাড়তলীতে গৃহবধূ খুন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় গতকাল রোববার রাতে জেসমিন আক্তার (২২) নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। এ সময় তাঁর মা, বাবা ও বোন আহত হন। এ ঘটনায় জড়িত অভিযোগে গৃহবধূর স্বামী গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোলাম কিবরিয়া ঘরজামাই থাকতেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক কলহের জের ধরে তিনি স্ত্রী জেসমিনকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় জেসমিনের মা জাহানারা বেগম (৪০), বাবা কবির আহমেদ (৪৫) ও বোন সীমা আক্তার (১৮) এগিয়ে এলে লাঠি ও দা নিয়ে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে সবাই গুরুতর আহত হন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা জেসমিনকে মৃত ঘোষণা করেন। অন্যদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। জেসমিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ জেসমিনের স্বামী গোলাম কিবরিয়াকে আটক করে। মিজানুর রহমান আরও জানান, এ ঘটনায় খুনের মামলা করার প্রক্রিয়া চলছে।