‘১৯৭১ সালের ১০ নভেম্বর, ২০ রমজান। পাহাড়তলী পাঞ্জাবি লেনের বাসা থেকে আব্বু (রেলওয়ের তত্ত্বাবধায়ক আলী করিম) ভোর সাড়ে ছয়টার দিকে অফিসের উদ্দেশে বের হন। কিছুদূর গিয়ে তিনি আবার ফিরে এসে জানালেন, বিহারিদের মতিগতি ঠিক মনে হচ্ছে না। তোরা সবাই ঘরে তালা দিয়ে সিডিএ মার্কেটের দিকে চলে যা। আব্বু চলে গেলেন। আমার চাচা আলী হোসেন, ফুফাতো ভাই আবদুল গোফরান, গ্রামের পরিচিত আবদুল মান্নানসহ আমরা চারজন ঘরে তালা লাগাব, এমন সময় একদল বিহারি এসে ধরে নিয়ে গেল তিনজনকে। আমি চালের ড্রামে লুকিয়ে রইলাম।’
চালের ড্রামে লুকিয়েও নিস্তার পাননি সেদিনের কিশোর গাজী কামাল উদ্দিন ওরফে কামরুল। সেই বিভীষিকাময় দিনের বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের পাহাড়তলীর ফয়’স লেকের পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে দৌড়ে পালান কামাল উদ্দিন। চাচাদের ভাগ্যে কী ঘটেছে, তখনো তিনি জানতেন না।
পরদিন সকালে কামাল উদ্দিন পাহাড়তলীর ফয়’স লেক পাহাড়ের জল্লাদখানা বা বধ্যভূমিতে গিয়ে দেখতে পান, হাজার হাজার লাশের স্তূপ। সবার ওপরে তাঁর বাবা আলী করিমের জবাই করা লাশ। আলী করিমকে অফিস থেকে ফেরার পথেই বিহারিরা ধরে নিয়ে যায় বলে প্রতিবেশীদের মাধ্যমে কামাল উদ্দিন পরে জানতে পারেন।
পাহাড়তলীর এই জল্লাদখানায় যুদ্ধের সময় হাজার হাজার বাঙালিকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে ঝাউতলার স্থানীয় বিহারিপল্লির লোকজন পাঞ্জাবি লেন, ওয়্যারলেসসহ আশপাশ থেকে নিরীহ লোকজনকে এনে এখানে জবাই করে হত্যা করত। তবে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ ঘটে ১০ নভেম্বর। ওই দিন দোহাজারী, নাজিরহাট ও ফেনী থেকে আসা তিনটি ট্রেনের যাত্রীদের নামিয়ে এই জল্লাদখানায় একে একে হত্যা করা হয় বলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বইপত্র থেকে জানা গেছে।
সাংবাদিক ও লেখক জামাল উদ্দিনের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর শীর্ষক বইয়ে বলা হয়, ‘পাহাড়তলীর ওয়্যারলেস কলোনি এলাকায় পাক ২০ বালুচ রেজিমেন্টের ক্যাম্প ছিল। বিহারিদের সহযোগিতায় ফয়’স লেক বধ্যভূমিতে নিয়ে বাঙালিদের হত্যা করা হয়। বধ্যভূমির প্রথম জল্লাদ ছিলেন রেলওয়ের অবাঙালি কর্মী মকবুল খান।’
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মুক্তিযোদ্ধা গাজী সালেহ উদ্দিনের প্রামাণ্য দলিল, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শীর্ষক বইয়ে পাহাড়তলী বধ্যভূমিকে অন্যতম বড় বধ্যভূমি হিসেবে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড়ের ভেতরে একটি গর্ত ছিল। জবাই করে ওই গর্তে ফেলে দেওয়া হতো। গর্তে ফেলতে ফেলতে একসময় স্তূপ হয়ে পড়ে। এ ছাড়া কিরিচে (ধারালো অস্ত্র) শাণ দেওয়ার জন্য একটি পাথর ছিল। শাণ দিতে দিতে পাথরটির এক পাশ অনেক ক্ষয়ে গিয়েছিল।
একই দিন জল্লাদখানা থেকে পালিয়ে আসতে পেরেছিলেন কাজী আমিনুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম নামে দুই ভাই। তবে হারাতে হয়েছে তাঁদের বাবা গোলাম ইয়াজজানি এবং অপর দুই ভাইকে।
আমিনুল ইসলাম সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমার বাবাকে ধরে নিয়ে যায় সকাল নয়টায়। বড় দুই ভাইকে সাড়ে ১০টায়। এরপর আমাকে এবং আনোয়ার ভাইকে ধরে নিয়ে যায়। শুনছি মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। আর রক্ত নিয়ে বিহারিরা উল্লাস করছে। হালিম নামে এক বিহারি আমাদের দেখে ইশারা করল পালিয়ে যেতে। আমরা দুই ভাই মুরগির ফার্ম এলাকা দিয়ে পালালাম। পরদিন গিয়ে বাবা ও দুই ভাইয়ের লাশ শনাক্ত করি। ততক্ষণে সেখান থেকে বিহারিরা চলে যায়।’
আবদুল মান্নান, আহমেদ শামসুদ্দিন, মকবুল খানসহ কয়েকজন বিহারি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের পর তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়।
পাঞ্জাবি লেন থেকে এই বধ্যভূমির দূরত্ব প্রায় আধা কিলোমিটার। সেদিন নিরীহ লোকজনকে পাঞ্জাবি লেন থেকে ধরে আনা হয়েছিল।
পাহাড়তলীর এই বধ্যভূমি এখনো অযত্ন-অবহেলায় পড়ে আছে। ২০০৪ সালে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। কিন্তু সেটি যেখানে বধ্যভূমি ছিল সেখানে নয়; বধ্যভূমির জায়গায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি) একটি ভবন নির্মাণ করেছে। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে মূল জায়গায় বধ্যভূমি সংরক্ষণের আদেশ দেন। কিন্তু রায়ের দুই বছর পার হলেও এখনো পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অযত্ন-অবহেলায় পড়ে আছে চট্টগ্রামের সবচেয়ে বড় এই বধ্যভূমি।
জানতে চাইলে প্রজন্ম ’৭১-এর সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনো আমাদের বধ্যভূমি সংরক্ষণের জন্য মামলা করতে হয়। রাজনৈতিক ইচ্ছা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে রায় পাওয়ার পরও সঠিক স্থানে পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।’ এই বধ্যভূমিতে ১০ নভেম্বর পাঁচ হাজারের বেশি বাঙালিকে হত্যা করা হয়েছিল বলে তিনি জানান।