পাহাড়তলীর বধ্যভূমি সংরক্ষণ বিষয়ে করা আপিল মঞ্জুর
চট্টগ্রামের পাহাড়তলীর বধ্যভূমি সংরক্ষণের বিষয়ে করা আপিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণসহ আপিল মঞ্জুর করে রায় দেন।
আপিলকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
জানা যায়, পাহাড়তলীর ১৫২ ও ১৫৩ দাগে অবস্থিত বধ্যভূমি সংরক্ষণের জন্য প্রজন্ম ৭১-এর পক্ষে আবেদন জানানো হলে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী তা সংরক্ষণের নির্দেশ দেন। ১ দশমিক ৭৫ একর ভূমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। ২০০৫ সালে তৎকালীন সরকার ওই প্রকল্প বাতিল করে টাকা ফেরতের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসীর মামুন, মিলি রহমানসহ আট বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১৬ জানুয়ারি হাইকোর্ট আবেদন নিষ্পত্তি করে রায় দেন। এর বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল করেন।