রাঙামাটির কাপ্তাই উপজেলার রামপাহাড় এলাকায় গত বুধবার রাতে পাহাড় ধসে একটি বিদ্যুতের টাওয়ার উপড়ে পড়েছে। এতে রাঙামাটির বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাপ্তাই উপজেলার আবাসিক প্রকৌশলী মো. আস্তাকুর রহমান জানান, টাওয়ার ও সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। এলাকাটি দুর্গম হওয়ায় সময় বেশি লাগছে।
পিডিবি সূত্র জানায়, কাপ্তাই-বিলাইছড়ি বিদ্যুৎ সঞ্চালন লাইনের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার এবং বিলাইছড়ি-জুরাছড়ি লাইনের দৈর্ঘ্য ২২ কিলোমিটার। দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া দীর্ঘ সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ বেশ কষ্টসাধ্য। কাপ্তাই-বিলাইছড়ি সঞ্চালন লাইন কাপ্তাই বিদ্যুৎ বিতরণ বিভাগের এবং বিলাইছড়ি-জুরাছড়ি সঞ্চালন লাইন রাঙামাটির আওতাধীন।
জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিদ্যুৎ গ্রাহকেরা জানান, বুধবার রাতে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ-সংযোগ না থাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কাজে ব্যাঘাত ঘটছে। সাধারণ গ্রাহকদের বিদ্যুৎবিহীন দিন কাটাতে হচ্ছে।
সোনালী ব্যাংকের জুরাছড়ি শাখার ব্যবস্থাপক সুনেন্দু কুমার চাকমা বলেন, বিদ্যুৎ সরবরাহ না থাকায় কাজে বিঘ্ন ঘটছে।
জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দৈর্ঘ্য বেশি হলেও লোকবলের অভাব আছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটির সহকারী প্রকৌশলী লোকবলের সংকটের কথা স্বীকার করে বলেন, ‘জুরাছড়ি উপজেলায় আমাদের মাত্র একজন লাইনম্যান আছেন।’
কাপ্তাইয়ের আবাসিক প্রকৌশলী জানান, বিলাইছড়ি উপজেলায় পিডিবির কোনো নিয়মিত কর্মকর্তা-কর্মচারী নেই। সে কারণে মাঝেমধ্যে অসুবিধা হয়।