পাহাড়ধস, ঝুঁকিতে জাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর জাদিপাড়া পাহাড়ে ঝুঁকিতে বৌদ্ধ জাদি l প্রথম আলো
রামুর জাদিপাড়া পাহাড়ে ঝুঁকিতে বৌদ্ধ জাদি l প্রথম আলো

পাহাড়ধসের কারণে কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ জাদি (প্যাগোডা) ঝুঁকির মুখে পড়েছে। জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা না হলে আসন্ন বর্ষায় পাহাড়ি ঢলে জাদিটি বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের মাঝামাঝি জায়গায় প্রায় ৩০০ ফুট উঁচু জাদিপাড়া পাহাড়ের চূড়ায় ৩০০ বছর আগে চাতোপা নামের ওই জাদি নির্মিত হয়।
গতকাল শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, পাহাড়ে ওঠানামার পরিকল্পিত সিঁড়ি বা রাস্তা নেই। উত্তর-পশ্চিম কোনায় পাহাড়ের গা বেয়ে ঝুঁকি নিয়ে অতিকষ্টে জাদিতে যেতে হয় লোকজনকে। পাহাড়ধসের কারণে জাদির উত্তর ও পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ধসে পড়েছে অনেক আগে। জাদিটি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই সেখানে।
রামুর বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদের সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ধসের কারণে জাদিটি হেলে পড়ছে। ঘূর্ণিঝড় কিংবা ঝোড়ো হাওয়া অথবা আসন্ন বর্ষার ঢলের পানিতে জাদিটি বিলীন হয়ে যেতে পারে। এ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন।’ তিনি বলেন, পুরোপুরিভাবে ধসে পড়ার আগে জাদিটি রক্ষার জন্য সীমানাপ্রাচীর নির্মাণ করা দরকার। জাদিতে ওঠার জন্য পাকা সিঁড়ি নির্মাণ করা হলে এখানে পর্যটকের সমাগম ঘটবে।
রামু শ্রীকুল মৈত্রী পুরোনো বিহারের অধ্যক্ষ সুকাতারা মহাথেরো বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন জাদিটি ঝুঁকির মুখে পড়েছে।
২০১২ সালের প্রবল বর্ষণে পাহাড়ের বিশাল অংশসহ দক্ষিণ পাশের সীমানাপ্রাচীর ধসে পড়ে। বর্তমানে ভাঙন জাদির গোড়া ছুঁয়েছে। জাদির উত্তর পাশের অবস্থাও একই রকম।
রামুর বৌদ্ধ ভিক্ষুরা জানান, ১৭১০ খ্রিষ্টাব্দের দিকে এই জাদিটি তৈরি করা হয়।
রামুর বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক কেতন বড়ুয়া বলেন, ‘সেখানে যাতায়াতের রাস্তা নেই। এ কারণে কেউ সেখানে যেতে আগ্রহী হন না। নিরাপত্তার অভাবে জাদিতে বৌদ্ধ সম্প্রদায়ের কেউ থাকেন না। সেখানে বিদ্যুৎ নেই। নেই পানীয় জলের ব্যবস্থাও। এখন জাদিটি রক্ষার জন্য আমরা চেষ্টা করছি।’
রামু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি তরুণ বড়ুয়া বলেন, মাত্র ১০-১২ লাখ টাকা খরচ করলে জাদিটি রক্ষা পাবে। কিন্তু কোটি টাকা খরচ করেও এ রকম জাদি তৈরি করা সম্ভব নয়।