পাহাড়ধস রোধে সুপারিশের কথা কেউ মনে রাখেনি
পাহাড়ধস রোধে করণীয় সম্পর্কে ১০ বছর আগে প্রণীত সুপারিশমালা বাস্তবায়ন তো দূরের কথা, কেউ মনেই রাখেনি। ঢাকায় গণপূর্ত অধিদপ্তর ও তিন পার্বত্য জেলার গণপূর্ত বিভাগের প্রকৌশলী-কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই ভুলে যাওয়ার বিষয়টি জানা গেছে। কয়েকজন কর্মকর্তা বলেছেন, ওই সুপারিশমালার কথা তাঁদের জানাই ছিল না।
এবারের বিপর্যয়কর পাহাড়ধসের আগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানিকর পাহাড়ধসের ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালে। ওই বছর জুন মাসে চট্টগ্রামে সংঘটিত সেই ধসে ১২৮ জন মানুষ নিহত হয়েছিল। তখন তৎকালীন সরকার পাহাড়ধসের কারণ নির্ণয় ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ তৈরির জন্য একটি আন্তসংস্থা কমিটি গঠন করেছিল।
বিস্তারিত কাজ করার পর ওই কমিটি পাহাড়ধস প্রতিরোধে করণীয় হিসেবে ৩৬টি সুপারিশ করেছিল। এর প্রথম সুপারিশটিই ছিল—ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে পাহাড়ের মাটির ধারণক্ষমতা এবং পাহাড়ের ঢালের কোণ ও শক্তি (অ্যাঙ্গেল অব রিপোস ও স্ট্রেন্থ) নির্ণয় করে তার ভিত্তিতে পাহাড় ব্যবস্থাপনা করা।
২০০৭ সালের পর দীর্ঘ ১০ বছর চলে গেছে। দেশের অনেক পাহাড়ে রাস্তাঘাট, বৈধ-অবৈধ অনেক বসতি গড়ে উঠেছে। বহুতল ভবন নির্মাণসহ আরও অনেক অবকাঠামো তৈরি হয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রেই ভূতাত্ত্বিক জরিপের ওই সুপারিশ মানা হয়নি বলে উপরোক্ত সরকারি ও সংশ্লিষ্ট বেসরকারি সূত্র জানা গেছে।
বিশেষজ্ঞরা এখনো বলছেন, পাহাড়ে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভূতাত্ত্বিক জরিপ করা অপরিহার্য। পার্বত্য চট্টগ্রামে এবারের পাহাড়ধস নিয়ে গত শনিবার প্রথম আলো আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরাও একই অভিমত ব্যক্ত করেছেন।
এ সম্পর্কে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ধসের প্রধান যে কারণ, পাহাড় কাটা ও বন ধ্বংস করা তা রোধ করার জন্য বিভিন্ন সুপারিশ ছাড়াও সুনির্দিষ্ট আইন রয়েছে। আইনে এ ধরনের কাজের জন্য শাস্তির বিধানও রয়েছে। কিন্তু সরকারেরই অনেক বিভাগ ও সংস্থা আছে, যারা এই শাস্তিযোগ্য কাজগুলো করে। এ জন্য কখনো তাঁরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ারও প্রয়োজন বোধ করে না।
গতকাল প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ধসের প্রভাবে রাঙামাটির অনেক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে। এগুলোর মধ্যে আছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাংলো, সার্কিট হাউস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয়, টেলিভিশন সম্প্রচার ও বেতার ভবন, মৎস্য উন্নয়ন করপোরেশনের কার্যালয় প্রভৃতি।
জানতে চাইলে ঢাকায় গণপূর্ত অধিদপ্তর ও রাঙামাটির গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে বলেন, এসব ভবন নির্মাণের ক্ষেত্রে ভূতাত্ত্বিক জরিপ করা হয়নি। এমনকি সব ক্ষেত্রে মাটির গুণাগুণ পরীক্ষাও (সয়েল টেস্ট) যথাযথভাবে হয়নি। এগুলো করা গুরুত্বপূর্ণ বলে যে সরকারের উদ্যোগেই প্রণীত সুপারিশমালা রয়েছে, তা তাঁদের জানা নেই।
২০০৭ সালের ওই সুপারিশমালার প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা বলেন, এ রকম কোনো সুপারিশের কথা তাঁদের জানা নেই। তিনি বলেন, পাহাড়ের মাটি সমতলের তুলনায় কঠিন এবং ভবনাদি তৈরির জন্য বেশি নির্ভরযোগ্য। কিন্তু পাহাড় কাটা, পাহাড়ের বন উজাড় করে দেওয়া, অপরিকল্পিত বসতি স্থাপন প্রভৃতি কারণে মাটির গুণ নষ্ট হয়ে গেছে। মাটির গুণমান ছাড়াও পাহাড়ের যে আলাদা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
পার্বত্য চট্টগ্রামের যাবতীয় উন্নয়নকাজ পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে গঠন করা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, উন্নয়ন বোর্ড এখন যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা বা তত্ত্বাবধান করে না। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি কিছু কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। সে ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণ করা হয়।
২০০৭ সালের কমিটির দ্বিতীয় সুপারিশ ছিল—সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন, দখলীয় স্বত্বাধীন, সংবিধিবদ্ধ সংস্থা ও সরকারি ভূমিতে অংশীদারত্বমূলক যথাযথ প্রজাতির বনায়ন কার্যক্রম গ্রহণ করা। কিন্তু প্রথমটির মতো এই সুপারিশটিও বাস্তবায়নের নজির খুঁজে পাওয়া যায় না। বনায়ন যা হয়েছে তাতে যথাযথ প্রজাতির গাছ লাগানোর পরিবর্তে বাণিজ্যিক বনায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর নতুন বনায়নের চেয়ে সংরক্ষিত বন ধ্বংস করা হয়েছে অনেক বেশি।
ওই কমিটির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল—পাহাড়ের ১০ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপনের অনুমতি দেওয়া নিষিদ্ধ করা। পাঁচ কিলোমিটারের মধ্যে নতুন কোনো আবাসন প্রকল্পের অনুমোদন নিষিদ্ধ করা। কিন্তু পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের ওপর ও উপত্যকায় ইটভাটা এবং আবাসন প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে।
যেসব পাহাড়ের পাদদেশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে গাইড দেয়াল, পানিনিষ্কাশনের ড্রেন, মজবুত সীমানাপ্রাচীর ইত্যাদি নির্মাণ করে পাহাড়ের আরও ক্ষয়রোধ করা ছিল কমিটির আরেকটি সুপারিশ। কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়নি। অবশ্য কোথাও কোথাও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব প্রয়োজনে সীমানাপ্রাচীর ও ড্রেন তৈরি করেছে বলে জানা গেছে।
সুপারিশমালার মধ্যে আরও ছিল পাহাড় কেটে কিংবা পাহাড়ের পাদদেশ কেটে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষমতা কোনো একক সংস্থা, বিভাগ বা মন্ত্রণালয়ের হাতে না রাখা। বিভিন্ন সমিতির নামে পাহাড় ইজারা নিয়ে অথবা দখল করে যারা পাহাড় ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি স্থাপন নিষিদ্ধ করে সেখানে অংশীদারত্বমূলক বনায়ন কার্যক্রম গ্রহণ করা। পাহাড় কাটা ও পাহাড় ধ্বংসের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার দুবৃর্ত্তায়ন কঠোর হাতে আইনানুগ পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা।
এসব সুপারিশের বাস্তবায়ন নেই।