পাহাড়ধসে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র ছাড়ার নির্দেশ

রাঙামাটিতে পাহাড়ধসে গৃহহীন মানুষকে আশ্রয়কেন্দ্রে ছেড়ে নিজেদের ভিটেমাটিতে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার ত্রাণ সহায়তা বিতরণের এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান এ নির্দেশ দেন।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আর আশ্রয়কেন্দ্র পরিচালনা করা সম্ভব নয়। সে জন্য আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের আজ মঙ্গলবার থেকে আশ্রয়কেন্দ্র থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আপনারা যদি চলে যান ভালো থাকবেন। আপনারা সেখানে যান, নিরাপদ জায়গা দেখে ঘরবাড়ি বানাবেন।’
আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের যেটুকু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, সেইটুকু নিয়ে নিজেদের ভিটেমাটিতে চলে যাবেন। সেখানে গিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। একসঙ্গে এতগুলো মানুষ চলে যাওয়া সম্ভব নয়, সে জন্য আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত আশ্রয়কেন্দ্র খোলা থাকবে। তারপর থেকে সব আশ্রয়কেন্দ্র বন্ধ করা হবে।’
গত ১৩ জুন পাহাড়ধসে গৃহহীন হয়ে পড়া সর্বশেষ ৬ আশ্রয়কেন্দ্রের ৩০১ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয় আজ। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত ৭৩ পরিবার ও আংশিক বিধ্বস্ত ২২৮ পরিবার। সম্পূর্ণ বিধ্বস্ত প্রত্যক পরিবারকে ৬ হাজার টাকা, ২ বান্ডিল টিন ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। এ ছাড়া আংশিক বিধ্বস্ত প্রত্যক পরিবারকে ১ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের অভিযোগ, প্রশাসন দীর্ঘ প্রায় তিন মাস তাদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে এলেও এখন তা রাখল না।
রাঙামাটি শহরের ভেদভেদী শিমূলতলী এলাকার জিমনেশিয়াম আশ্রয়কেন্দ্রে থাকা সুমেন্তা চাকমা প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়িগুলো বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। ১৩ জুন পাহাড়ধসে অধিকাংশ ধসে পড়েছে। শহরের কিনামনিঘোনা এলাকার জীবন বসু বললেন, ‘আমাদের প্রথম থেকে বলা হয়েছে নিরাপদ স্থানে স্থায়ী পুনর্বাসন করা হবে। এখন পুনর্বাসন না করে শুধু ১ হাজার টাকা ও ৩০ কেজি চাল দিয়ে চলে যেতে বলা হচ্ছে। দীর্ঘ প্রায় তিন মাস ধরে নানা প্রতিশ্রুতি দিয়ে আমাদের সময় নষ্ট করে দেওয়া হয়েছে। এ মুহূর্তে কোথায় যাব কিছু বুঝতে পারছি না।’
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রূপনগরের মো. সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে আমাদের ভিটেমাটিসহ বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। জেলা প্রশাসন থেকে মাত্র দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকা পেয়েছি। এই টিন ও অল্প টাকা দিয়ে কোথায় ঘর বানাব?