পাহাড়ধসে নিখোঁজ পোস্টমাস্টারের লাশ উদ্ধার
বান্দরবানে ভয়াবহ পাহাড়ধসের ঘটনার নয় দিন পর নিখোঁজ রুমার পোস্টমাস্টার জবিউল হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা একটার দিকে দলিয়ানপাড়ায় বান্দরবান-রুমা সড়কের কাছে পাহাড়ি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জবিউলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে দলিয়ানপাড়া থেকে আড়াই কিলোমিটার দূরে পাহাড়ি খাদের ঝরনায় একটি গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বজনেরা লাশটি পোস্টমাস্টার জবিউল হোসেনের বলে শনাক্ত করেন।
নিহত জবিউল হোসেনের দুলাভাই গোলাম কিবরিয়া বলেন, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত সোয়া নয়টার দিকে বান্দরবান সদর হাসপাতালে পৌঁছান। শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে লাশটি জবিউলের বলে শনাক্ত করা হয়েছে। লাশ নিয়ে তাঁরা আবার ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হয়েছেন। সেখানেই দাফন সম্পন্ন হবে।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ বলেন, লাশটি পাহাড়ধসের ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার নিচে পাহাড়ি ছড়া থেকে উদ্ধার করা হয়। লাশ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁর স্বজনেরা লাশটি পোস্টমাস্টার জবিউল হোসেনের বলে শনাক্ত করেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৩ জুলাই বান্দরবান-রুমা সড়কে ভয়াবহ পাহাড়ধসে তিন নারীসহ পাঁচজন নিখোঁজ হন। ওই দিনই চিংমেহ্লা নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার মুন্নী বড়ুয়া নামের আরেকজনের লাশ চট্টগ্রামের বাঁশখালির চানপুরঘাটে সাঙ্গু নদে ভাসমান অবস্থায় পাওয়া যায়। শুক্রবার কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা গৌতম নন্দীর লাশ বেতছড়া খাল থেকে উদ্ধার হয়। আজ জবিউল হোসেনের লাশ উদ্ধার করা হলো। রুমার মংশৈপ্রু কার্বারীর (পাড়াপ্রধান) মেয়ে স্কুলছাত্রী সিংমেচিং মারমা এখনো নিখোঁজ।