পাহাড়ধসে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

বান্দরবান-রুমা সড়কে গত রোববারের পাহাড়ধসে নিখোঁজ তিনজনের মধ্যে কৃষি ব্যাংকের রুমা শাখার কর্মকর্তা গৌতম কুমার নন্দীর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর শনাক্ত করে লাশটি চট্টগ্রামে নিয়ে গেছেন গৌতমের স্বজনেরা।
রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের চেয়ারম্যান থোয়াই চিং মারমা জানান, তাঁর ইউনিয়নের বেতছড়া খালে কাদায় চাপা পড়ে ছিল লাশটি। পুলিশ ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা গিয়ে লাশটি গৌতম নন্দীর বলে শনাক্ত করেন।
গৌতম নন্দীর শ্যালক দিগন্ত নাগ জানান, লাশটি খুব বেশি বিকৃত না হওয়ায় শনাক্ত করা কঠিন হয়নি। চট্টগ্রামে লাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসন ২০ হাজার টাকা দিয়েছে।
গত রোববার বান্দরবান-রুমা সড়কের ২৫ কিলোমিটারের দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসে তিন নারীসহ পাঁচজন নিখোঁজ হন। ওই দিনই এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে মুন্নী বড়ুয়া নামের আরেক নারীর লাশ চট্টগ্রামের বাঁশখালীর চানপুরঘাটে সাঙ্গু নদে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আরও এক নারীসহ আরও দুজন নিখোঁজ রয়েছেন।
তারাছা ইউপির চেয়ারম্যান থোয়াইচিং মারমা জানান, আজ বেতছড়া খালের মেফোপাড়া এলাকায় পচা লাশের গন্ধ পেয়েছেন স্থানীয় লোকজন। সেখানে লাশের গন্ধ ধরে নিখোঁজ লোকজনের খোঁজ নেওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশ গেছে। চেয়ারম্যান আরও বলেন, পাহাড়ের খাদ থেকে পাহাড়ি যে ঝরনা সৃষ্টি হয়েছে সেটি বেতছড়া খালে এসে মিশেছে। বেতছড়া খালটি সাঙ্গু নদে এসে পড়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, নিখোঁজ দুজনের খোঁজ চলছে।