পাহাড়ধসে নিহত ৪ সেনাকে চোখের পানিতে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে নিহত সেনাসদস্যদের জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়  l আইএসপিআর
পাহাড়ধসে নিহত সেনাসদস্যদের জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় l আইএসপিআর

রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধার কাজ করার সময় নিহত দুই সেনা কর্মকর্তাসহ চার সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদে বাদ জোহর এই জানাজা অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ জানাজায় অংশ নেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। জানাজায় এসে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
নিহত দুই সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মাহফুজুল হক এবং ক্যাপ্টেন মো. তানভীর সালামকে আজ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।
এ ছাড়া করপোরাল মোহাম্মদ আজিজুল হক এবং সৈনিক মো. শাহিন আলমের মৃতদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পাহাড়ধসে নিহত ব্যক্তিদের মধ্যে আছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা আবদুস ছালাম মোল্লার একমাত্র আদরের ছেলে ক্যাপ্টেন মো. তানভির ছালাম শান্ত। তানভির ২০০৯ সালে যোগদান করেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে তিনি কমিশন লাভ করেন।
তানভিরের চাচা মোজাম্মেল মোল্লা বলেন, বাউফলে বাড়ি হলেও চাকরির সুবাদে পরিবারটি টঙ্গীতে থাকত। তাঁদের আদরের একমাত্র ছেলেটার স্বপ্ন ছিল অনেক, কিন্তু সব স্বপ্ন স্বপ্নেই রেখে চলে গেলেন না-ফেরার দেশে। তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, তানভিরের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।
নান্দাইল (ময়মনসিংহ) ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তরফপাছাইল গ্রামে সেনাবাহিনীর করপোরাল মোহাম্মদ আজিজুল হকের বাড়ির সামেন গতকাল দেখা গেল কবর খোঁড়ার কাজ চলছে। ভেতর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। কারও মুখেই যেন কোনো কথা নেই। ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল আজিজুলের।
প্রায় একই দৃশ্যের অবতারণা হয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়নের ধনতলা গ্রামে সেনাসদস্য শাহীন আলম ওরফে চঞ্চলের (৩২) বাড়িতেও। গত মঙ্গলবার রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধসে তিনিও নিহত হন।
ঈশ্বরগঞ্জ উপজেলার তরফপাছাইল গ্রামে করপোরাল আজিজুল হকের ভগ্নিপতি মতিউর রহমান বলেন, ১৯৯৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন আজিজুল। স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তাঁর। ছেলে শাকিল আহমেদ (১৪) স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। মেয়ে শাহানা আজিজ (১২) মাদ্রাসায় পড়ছে।
আজিজুলের বড় ভাই মো. হাসিম উদ্দিন বলেন, আগামী বছরের এপ্রিল মাসে তাঁর (আজিজুল) অবসরে যাওয়া কথা ছিল।
বগুড়ার আদমদীঘির নশরৎপুর ইউনিয়নের ধনতলা গ্রামে সেনাসদস্য শাহীন আলমের পারিবারিক সূত্র জানায়, গ্রামের সরোয়ার্দী হোসেনের একমাত্র ছেলে শাহীন আলম ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০১২ সালে মোর্শেদা বেগম নামের এক পুলিশ সদস্যের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির আবু তাহা নামে চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। মোর্শেদা বর্তমানে ময়মনসিংহে র‌্যাবে কর্মরত রয়েছেন।
শাহীন আলমের বাবা সরোয়ার্দী বলেন, মঙ্গলবার সকালে ছেলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। সন্ধ্যায় খবর আসে ছেলে পাহাড়ধসে মারা গেছে।