পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে চাই আইনের সঠিক প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় দখল ও পাহাড় কাটা বন্ধের পাশাপাশি বিদ্যমান আইনের প্রয়োগের মাধ্যমে পাহাড়ধসে প্রাণহানি বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী সংগঠক ও বিশেষজ্ঞরা। পাশাপাশি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করা লোকজনকে উচ্ছেদ করে তাঁদের আবাসনের ব্যবস্থা করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), কারিতাস-চট্টগ্রাম অঞ্চল ও পিপলস ভয়েসের যৌথ আয়োজনে ‘পাহাড়ধস ব্যবস্থাপনা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব মত দেন।
সেমিনারে পবার চেয়ারম্যান আবু নাছের খান বলেন, চট্টগ্রাম শহরের অস্তিত্ব এখন হুমকির মুখে। পাহাড় ও পাহাড়ের প্রাকৃতিক বন ও কর্ণফুলী না থাকলে চট্টগ্রাম মৃত নগরে পরিণত হবে। নিজেদের অস্তিত্ব রক্ষায় পাহাড় রক্ষা করতে হবে। পাহাড়ধসে মৃত্যু ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ চন্দ্র রায় বলেন, বর্ষা এলেই পাহাড় ব্যবস্থাপনা কমিটি ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে তোড়জোড় শুরু করে। বৃষ্টি শেষ হলেই তারা চলে যায়। পাহাড় রক্ষায় কেবল সুপারিশ করা নয়, এর বাস্তবায়ন যাতে হয়, সে বিষয়েও তাদের সচেষ্ট হতে হবে।
প্রকৌশলী আলী আশরাফ বলেন, মতিঝরনার পাহাড় রেলওয়ের সম্পত্তি। রেলওয়ের পাঁচ শ একর জমি বেদখল হয়ে আছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা জীবনের প্রয়োজনে নগরে আসে। রেলওয়ে দখল হওয়া পাঁচ শ একর জমির মধ্যে শুধু ২৫ একর জমিতে বহুতল ভবন নির্মাণ করে পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসন করা যেতে পারে। কিন্তু কেউই এসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেয়নি।
প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, পাহাড়ের পাদদেশ থেকে বস্তিবাসীকে সরালে তাদের জন্য স্বল্প ভাড়ায় সরকারি ব্যবস্থাপনায় আবাসনের ব্যবস্থা করতে হবে। সরিয়ে নেওয়ার পর পাহাড়ের পাদদেশে আর কেউ যেন না যায়, সেই ব্যবস্থাও করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক এ বি এম আবু নোমান বলেন, পাহাড় রক্ষায় দেশে আইন আছে। আইনের যথাযথ প্রয়োগ করা হলে পাহাড় রক্ষা সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। সূচনা বক্তব্য দেন পরিবেশ সংগঠক শরীফ চৌহান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর প্রধান প্রতিবেদক ভুঁইয়া নজরুল।