পাহাড়ধসের এক মাস: গোডোর অপেক্ষায়

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষ এখনো গোডোর অপেক্ষায় আছে। নানা ত্রাণশিবিরে অনিশ্চয়তায় বসে আছে, কখন তাদের ত্রাণকর্তা গোডো আসবে। বৃষ্টি চলছে, নরম পাহাড় তুলতুলে হয়ে যাচ্ছে। প্রশাসনের নাভিশ্বাস চলছে। উনিশটা আশ্রয়কেন্দ্রকে আট-দশটায় নিয়ে আসার এক পরিকল্পনা এঁটেছিলেন কেউ কেউ। সেটা ভেস্তে গেছে নতুন বৃষ্টিতে। ভারী বৃষ্টির মেয়াদের এখনো প্রায় আড়াই মাস বাকি। তারপরও উনিশটাকে পনেরো করা হয়েছে। উনিশটার মানুষ এখন গাদাগাদি করে থাকছে পনেরোটায়। অনেকে আত্মীয় বা অনাত্মীয়ের বাড়িতে, বারান্দায় আশ্রয় নিয়েছে। রাঙামাটি শহর থেকে যাঁরা এর মধ্যে ঘুরে এসেছেন, তাঁরা এখন আর কাউকে বেড়াতে যেতে বলছেন না। কেউ কেউ বলছেন, ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের মতো অবস্থা হয়েছে রাঙামাটির। শক্তপোক্ত হতে অনেক সময় লাগবে। শীতের আগে সেই সম্ভাবনা কম।
রাঙামাটির মনোঘর স্কুলেও দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়—মনোঘর আবাসিক আর মনোঘর ভাবনা কেন্দ্র। দুটি মিলিয়ে প্রায় ৯৩টি পরিবার সেখানে এসে ওঠে। মনোঘর স্কুলের প্রধান শিক্ষক জিমিত চাকমার ঘরটিও ঝুলছে, সেটি ভেঙে পড়তে পারে যেকোনো সময়। তিনি এখন থাকছেন শিবিরে। ‘নিজভূমে পরবাসী’ মনোঘরে আসা ৯৩টি পরিবারের মধ্যে এখনো দাঁত কামড়ে পড়ে আছে ২২টি পরিবার। এদের যাওয়ার কোনো জায়গা নেই। কারও রাঙামাটি শহর ছাড়ার উপায় নেই, দেশগ্রামে ফেরত গেলে জীবিকার কী হবে? কেউ দিনমজুর, কেউ ছোটখাটো চাকরি অথবা সামান্য কেনাবেচার ব্যবসা করেন। কারও ছেলেমেয়ে স্কুলে পড়ে। এই নভেম্বরেই কেউ পিএসসি কেউ জেএসসি বা জানুয়ারিতে এসএসসি দেবে। গ্রামে গেলে চলবে কী করে? ক্ষতিগ্রস্ত বা ঝুঁকির মধ্যে থাকা চার ভাগের প্রায় এক ভাগ মানুষের এ রকম নিরুপায় অবস্থা।
সাবেক প্রধান শিক্ষক ও মানবাধিকারকর্মী নিরুপমা দেওয়ানের মতে, চলে যাওয়া আর থেকে যাওয়া মানুষের হিসাব দিয়ে নটে গাছটা মোড়ানো যাবে না বা কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। অনেকেই দিনের পর দিন ত্রাণশিবিরের বদ্ধ পরিবেশে থাকতে না পেরে ভাঙা বা ঝুঁকিতে থাকা ভিটাতেই ফিরে গেছেন।
বৃষ্টি বেশি হলে আর প্রশাসন মাইকিং করলে ফিরে আসেন, না হলে ভিটার কাছেই পড়ে থাকেন। ঘোষণা অনুযায়ী ১৫ জুলাইয়ের পর আশ্রয়কেন্দ্রগুলোতে আর খাবার দেওয়া হবে না। তখন থেকে যাওয়া বা যাওয়ার জায়গা না থাকা মানুষের কী হবে? মনোঘর কর্তৃপক্ষ ভেবে রেখেছে, সে রকম কিছু হলে তারা মনোঘরের ভেতরে টিকে থাকা টিলা আর উঁচু জায়গাগুলোতে তাদের খুপরি উঠিয়ে থাকার অনুমতি দেবে অবশিষ্ট ২২ পরিবারকে। এরা সবাই পাহাড়ি। মনোঘরের কাছেই যুব উন্নয়ন কেন্দ্র। অপাহাড়িদের সংখ্যা বেশি, তাদের কোন টিলায় ঠাঁই হবে? পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার বড়ুয়া বাবু পুনর্বাসন প্রচেষ্টার কাগজপত্র তৈরি করছেন। কবে শিকে ছিঁড়বে, কার ঘরবাড়ি হবে কে জানে। জাতিসংঘের নানা কর্মসূচির লোকজন আলোচনা, মাপজোখ চালাচ্ছেন বলে জানালেন নিরুপমা দেওয়ান। সব প্রচেষ্টা সার্থক হোক; সার্থক হবে যদি এসব প্রস্তাব আর উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ আর মাটি চেনা মানুষদের (ভূতত্ত্ববিদদের) যুক্ত করা হয়। আশার কথা, গত তিন দিন বৃষ্টিতে টান ধরেছে। বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক। তাই জলের কষ্টও নেই। সিএনজিচালিত অটোরিকশায় রাঙামাটি থেকে ১৫ কিলোমিটার আসতে পারলে ঘাগড়া থেকে এখন বাসে সটান চাটগাঁয় আসা যায়। ঘাগড়ার আর্মি ক্যাম্পে ঢাকা-চট্টগ্রামের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। বাজারের স্থিতি বজায় আছে। চাল, ডাল, লবণ, কোরোসিন, ডিজেলের দাম আর বাড়ছে না। স্কুলের দরজা-জানালা আবার খুলছে। বেড়ানোর লোকজনের আনাগোনা না থাকলেও হোটেলগুলো এখন চালু হয়েছে। রেস্টুরেন্টেও বয়-বেয়ারার হাঁকডাক চলছে। এ সবই ভালো খবর। একজন খবর দিলেন, ঘর ভাড়া করে বাজনা বাজিয়ে বিয়ে-শাদিও হচ্ছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সব ইন্ডিকেটরই এখন প্রায় পজিটিভ।
আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনার তারিফ করতে হয়। খাওয়াদাওয়া নিয়ে কারও কোনো অভিযোগ নেই। মনোঘরের ভাবনা কেন্দ্রের পাহাড়ি পরিবারগুলো নিজেরা রেঁধেবেড়ে খাওয়ার জন্য চাল-ডাল চেয়ে নিয়েছেন। রান্না করা খিচুড়ি আর বিরিয়ানির বদলে মানুষের অগ্রাধিকার বা তার চাওয়া-পাওয়ার মূল্য দেওয়ার এই মনোভাব সবার জন্যই নতুন। এবার ঈদে আশ্রয়কেন্দ্রে থাকা ধর্ম-জাতনির্বিশেষে সবাই ভালো মানের নতুন কাপড়চোপড় পায়।
রাঙামাটিসহ সব পাহাড়ি শহর আর শহরতলির জন্য একটা জমি ব্যবহারের পরিকল্পনা তৈরি না করে পুনর্বাসনের কাজে হাত দেওয়া ঠিক হবে কি? বৃষ্টি কমলে শরৎ, হেমন্ত, শীত এলে মানুষ যে যার মতো যেখানে যেমন খুশি ডেরা, খুপরি, ঘর বানাবে। জীবিকার কাছাকাছি থাকতে চাইবে। জমি ব্যবহারের পরিকল্পনা বা ল্যান্ড ইউজ প্ল্যানিং করার জন্য যদি সময় লাগে (আসলে ইচ্ছা থাকলে চটজলদিও করা যাবে), তবে দুই ভাগে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। তাবে প্রথম বা প্রাথমিক পুনর্বাসনের মেয়াদ কোনো অবস্থাতেই মে ২০১৮-এর বেশি রাখা যাবে না। আগামী বর্ষার ঝুঁকিতে এই অসহায় মানুষগুলোর ভাগ্য পরীক্ষার মতো ভুল যেন আর না হয়।
গওহার নঈম ওয়ারা: পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক। শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।