পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কের ক্ষত সারেনি এখনো। গত ১৩ জুন পাহাড়ধসে বিধ্বস্ত হয়ে ১১ দিন বন্ধ ছিল ২৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক। এরপর হালকা যানবাহন চলাচল শুরু হলেও এই সড়কের ৩২টি স্থানে ফাটল সংস্কার হয়নি। এর মধ্যে দুটি ফাটল বেশ বড় আকারের। ফাটলের স্থানগুলোতে মাটি ও বালুর বস্তা ফেলে, লাল পতাকা পুঁতে দেওয়া হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই ওই সড়কে চলছে যানবাহন।
রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কের মোরঘোনা এলাকা রাঙামাটি শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত। এই এলাকা থেকে আট কিলোমিটার কামিলাছড়ি পর্যন্ত সড়কে প্রায় ৩২টি ফাটল ধরেছে। এর মধ্যে মোরঘোনা ও কামিলাছড়ি এলাকায় সড়কে বড় ধরনের ফাটল রয়েছে। গত শনিবার বিকেলে ওই এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
বড়াদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা প্রথম আলোকে বলেন, রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাহাড়ধসের ঘটনার পর অটোরিকশা ও মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। দুটি স্থানে যেভাবে ফাটল ধরেছে তা দ্রুত রক্ষা করার পদক্ষেপ না নিলে পুরো সড়ক কয়েক শ ফুট নিচে দেবে যাবে।
রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় পাহাড়ধসের ঘটনায় ১৫০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে রাঙামাটি সদরে ২৯ কিলোমিটার, কাউখালী উপজেলায় পাঁচটি সড়কে ৫০ কিলোমিটার, কাপ্তাইয়ে ১২ কিলোমিটার, লংগদু উপজেলায় আট কিলোমিটার, বাঘাইছড়ি ২২ কিলোমিটার, জুরাছড়ি ১২ কিলোমিটার, বিলাইছড়ি ১৪ কিলোমিটার ও বরকলে তিন কিলোমিটার সড়ক রয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা বলে জানা যায়।
রাঙামাটির এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুল আজম প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের ঘটনার পর জরুরি ভিত্তিতে রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়ক ও কাউখালীর বেশ কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। এই মুহূর্তে আর করার কিছু নেই। বরাদ্দ পেলে ভারী যানবাহন চলাচলের জন্য সড়ক সংস্কারের কাজ করা হবে।