পাহাড়ধসের ঘটনায় ব্যাপক প্রাণহানিতে বিদেশিদের শোক
বাংলাদেশের তিন পার্বত্য জেলাসহ পাঁচ জেলায় পাহাড়ধসের ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, ভারত, কানাডা, ডেনমার্কসহ বিভিন্ন দেশ এবং সংস্থা পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানানো ছাড়াও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেছেন।
বাংলাদেশে ইইউর প্রতিনিধিদলের দেওয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু পাহাড়ধসে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে আন্তরিক দুঃখ এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বাসস জানায়, বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোয়েল রাইফম্যান বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাইফম্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পাহাড়ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
ইউএনবি জানায়, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মঙ্গল কামনা করেছেন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েত-পিয়েরে লারামি এক বিজ্ঞপ্তিতে গভীর দুঃখ প্রকাশ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।