পাহাড়ধসের জন্য দায়ীদের দৃষ্টাস্তমূলক শাস্তি দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান চট্টগ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত গরিব মানুষগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি করেছেন। পাশাপাশি দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।বাসদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত গতকাল শুক্রবার দিনব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনের বক্তব্যে খালেকুজ্জামান এসব দাবির কথা জানান। নগরের মুসলিম হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মানস নন্দী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাসদের নেতা নুরুল আফসার, জাহেদ আহমেদ ও অপু দাশগুপ্ত। খালেকুজ্জামান বলেন, চট্টগ্রামের পাহাড়ে যে মানুষগুলোর মৃত্যু হচ্ছে এটা সাধারণ মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। কারণ, সাধারণ মানুষ অভাবের তাড়নায় এসব মৃত্যু উপত্যকায় থাকতে বাধ্য হচ্ছে। সরকার, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে খালেকুজ্জামান বলেন, এরা কেউ এসব গরিব মানুষের পুনর্বাসনের কোনো স্থায়ী ব্যবস্থা করছে না। অন্যদিকে ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা অপ্রতিরোধ্য হয়ে উঠছে।খালেকুজ্জামান আরও বলেন, স্বাধীনতার পর ৪০ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ শাসক শ্রেণীর যেসব দল ক্ষমতায় এসেছে তারা কেউ জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করেনি, বরং এসব দলের নেতা-কর্মীরা ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন।