পাহাড়ধসের ঝুঁকিতে সরকারি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈচালা এলাকার সোমা চন্দ্র কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। বর্ষা মৌসুমে এ ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় প্রায় ৫০ ফুট উঁচু পাহাড়ের পাদদেশে অবস্থিত বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বর্তমানে চরম উৎকণ্ঠায় আছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি মজুমদার বলেন, বিদ্যালয়ে অত্যন্ত বিপজ্জনক পরিবেশে শিক্ষার কার্যক্রম চলছে। বর্ষায় পাহাড় ধসে বিদ্যালয় ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এক একর ৪০ শতাংশ জমির ওপর ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক এবং ১৫২ জন শিক্ষার্থী আছে। অভিভাবক ফজলু মিয়া, রবিউল হক ও আলী আজম জানান, বর্ষা মৌসুমে এ এলাকায় কমবেশি ধস নামে। ২০০২ সালে পাহাড় ধসে বিদ্যালয়ের ভবনটি বিধ্বস্ত হয়েছিল। পরে এর পাশেই বর্তমান বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়।সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, খাড়া পাহাড় ঘেঁষে বিদ্যালয় ভবনটি নির্মিত। ভবনের পূর্ব দিকের শ্রেণীকক্ষের মেঝেতে এক-দেড় ফুট উঁচু মাটির স্তর পড়েছে। ভবন চুইয়ে ভেতরে পানি ঢুকছে।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবদুর রহিম, হাসান, জান্নাতুল ফেরদৌস, শিউলি আকতার জানায়, বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি ঢুকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামগড় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোস্তফা আজিজুল ফারুক বলেন, প্রায় ৫০ ফুট উঁচু পাহাড়ের গা ঘেঁষে নির্মিত এই বিদ্যালয় ভবনটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন পাটোয়ারী ও সহকারী শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।